Bartaman Logo
১০ জুন, ২০২৬

বাংলা দখলের স্বপ্ন ভুলে যাক বিজেপি, লোকসভায় শাহকে আক্রমণ তৃণমূলের

বাংলা দখলের স্বপ্ন ভুলে যাক বিজেপি, লোকসভায় শাহকে আক্রমণ তৃণমূলের
  • ২৭ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাংলা দখলের স্বপ্ন ভুলে যাক বিজেপি। বুধবার এই মর্মেই অমিত শাহকে জবাব দিল তৃণমূল। মোদি সরকার এখন যে স্বাস্থ্যবিমা আয়ুষ্মান ভারতের বড়াই করছে, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই বাংলার জন্য স্বাস্থ্যসাথী প্রকল্পে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমার প্রকল্প করে দিয়েছেন। ফলে বিজেপিকে আর বাংলায় ক্ষমতা দখল করতে হবে না। ঘটনা হল, বুধবার লোকসভায় ‘দ্য ত্রিভুবন সহকারি বিশ্ববিদ্যালয় বিল ২০২৫’র জবাবি ভাষণ দিতে গিয়ে আচমকাই পশ্চিমবঙ্গে প্রসঙ্গ তোলেন। শাহ বলেন, বিজেপির সরকার গরিবদের জন্য নিবেদিত। তাই দিল্লিতেও পদ্মফুল ফুটেছে। আয়ুষ্মান ভারতের ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধাও লাগু হয়ে গিয়েছে। বাকি রয়েছে স্রেফ বাংলা। ওখানেও সরকার আসার পর আয়ুষ্মান ভারত চালু হয়ে যাবে। সভায় তখন তৃণমূলের পুরো ব্রিগেড হাজির ছিল না বটে। তবে সৌগত রায়, অসিত কুমার মাল এবং জুন মালিয়া ছিলেন। অমিত শাহর বাংলা প্রসঙ্গ শুনেই তাঁরা পাল্টা জানিয়ে দেন, বাংলায় আর আপনাদের কিছু করতে হবে না। অনেক আগেই মমতা বন্দ্যোপাধ্যায় ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা প্রকল্প চালু করে দিয়েছেন।

Advertisement

অন্যদিকে, এদিন জিরো আওয়ারে পূর্ব বর্ধমানের তৃণমূল সাংসদ শর্মিলা সরকার বিপ্লবী রাসবিহারী বসুর বসতবাটিকে হেরিটেজ ঘোষণার দাবি করেন। বলেন, পূর্ব বর্ধমানের সুবলদহ গ্রামে রাসবিহারী বসু জন্মগ্রহণ করেছিলেন। তিনি ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করার জন্য নেতাজির আজাদ হিন্দ ফৌজের মূল ভিত তৈরি করেছিলেন। তাই এহেন স্বাধীনতা সংগ্রামীর জন্মভিটেকে যেমন একাধারে হেরিটেজ ঘোষণা করা হোক, দেওয়া হোক মরণোত্তর কোনও জাতীয় সম্মান।  বুধবার সংসদে খোশমেজাজে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী। -পিটিআই

Advertisement
সম্পর্কিত সংবাদ