নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য ক্ষমতায় এসেছে বিজেপি। মাত্র ছয়মাসেই পার্টির সর্বস্তরে ত্রাহি ত্রাহি দশা। দলেরই একাংশের বিরুদ্ধে তোলাবাজি, দুর্নীতি, কাটমানি সহ অভিযোগের পাহাড় জমছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের চমক-ধমকেও কাজের কাজ হচ্ছে না। উলটে রাজ্যের বিভিন্ন অংশে প্রাক্তন তৃণমূলীদের সঙ্গে গাঁটছড়া বেঁধে বিজেপি কর্মী-সমর্থকদের উপর ‘অত্যাচার’ শুরু করেছে পদ্মপার্টিরই একাংশ। অভিযোগের নিশানায় রয়েছেন গেরুয়া অক্ষের বিধায়ক, সাংসদ, মন্ত্রী, জেলা সভাপতি থেকে বিভিন্ন পর্যায়ের নেতা-নেত্রীরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পার্টির বঙ্গ ইউনিটের এই ‘মাৎস্যন্যায়’ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। বৃহস্পতিবার দিল্লিতে মুখ্যমন্ত্রীকে ডেকে এ বিষয়ে প্রশাসনিক কড়া পদক্ষেপের নির্দেশে দিয়েছেন। পাশাপাশি সংগঠনিক দাওয়াই দিতে শাহের দূত হিসেবে শুক্রবার সল্টলেক পার্টি অফিসে উড়ে এসে হাজির হন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল।
রাজ্য বিজেপি সভাপতি সহ শীর্ষ পদাধিকারীরা এই বৈঠকে উপস্থতি ছিলেন। এছাড়াও জেলা সভাপতি, বিভাগ ইনচার্জ সহ বিভিন্ন স্তরের নেতৃত্ব এই বৈঠকে আমন্ত্রণ পেয়েছিলেন। সেখানেই কার্যত বোমা ফাটালেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসাল। পার্টির নেতাদের শোনালেন চরম সাবধানবানী। পশ্চিমবঙ্গের পদ্ম পতাকাধারী মাতব্বরদের উদ্দেশ্যে বনসালের হুঁশিয়ারি, ‘এমন আচরণ করবেন না, যাতে দল ব্যবস্থা নিতে বাধ্য হয়। অভিযোগ প্রমাণিত হলে কেউ রেহাই পাবেন না। বিধায়ক-সাংসদ-মন্ত্রী তা তিনি যেই হোন!’ একই সঙ্গে সুনীল বনসালের স্পষ্ট বার্তা, ‘পার্টি ও সংগঠনকে এড়িয়ে কিছু করা যাবে না। পার্টির সৌজন্যে আপনারা আজ এই জায়গায়। অনেক বিধায়ক সংগঠনকে এড়িয়ে যাচ্ছেন বলে খবর আসছে। তাঁরা সংগঠনের বৈঠকে আসছেন না। প্রতিনিধি পাঠাচ্ছেন, এসব চলবে না। দলীয় শৃঙ্খলা মেনে কাজ করুন। নয়তো চরম পরিণতি অপেক্ষা করছে।’ সূত্রের দাবি, ‘দিকভ্রষ্ট’দের সুমতি ফেরাতে দিল্লির তরফে এটাই ছিল শেষ সুযোগ। আগামীতে অভিযুক্ত নেতারা ‘লাইনে’ না ফিরলে সাসপেন্ড কিংবা দল থেকে বিতারণ করে দেওয়ার মতো চরম সিদ্ধান্ত নেওয়া হবে। এ নিয়ে এদিন রাতেই দলের কোর-কমিটি বৈঠকে বসছে। সেখানে হাজির থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বিজেপি সূত্রের খবর, বিধানসভা ভোটের সংকল্প পত্র অনুযায়ী গত ছ’মাস কতটা কাজ হয়েছে, তা যাচাই করতে ‘সেবাদূত’ কর্মসূচি পালন করা হবে। পয়লা থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত দলের বিধায়ক-সাংসদরা অন্য জেলায় গিয়ে সরকারি প্রকল্পের বিষয়গুলি খতিয়ে দেখবেন। প্রকল্পের সুবিধা কারা পাচ্ছেন, কারা পাচ্ছেন না, তা দেখবেন। শুনবেন মানুষের অভাব-অভিযোগ। সমস্যা সমাধানের চেষ্টা করবেন।



