Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জমি দখলে অভিযুক্ত বিজেপির প্রাক্তন জেলা সভাপতি! চাঞ্চল্য

তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন খোদ তাঁর ভাই রবীন দাস।

জমি দখলে অভিযুক্ত বিজেপির প্রাক্তন জেলা সভাপতি! চাঞ্চল্য
  • ১৬ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এবার শিলিগুড়িতে জমি দখলের অভিযোগ উঠেছে বিজেপির প্রাক্তন জেলা সভাপতি নৃপেন দাসের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন খোদ তাঁর ভাই রবীন দাস। তাঁর অভিযোগ, দাদা তাঁর জমি দখল করে রেখেছেন। কিছু বললেই বিজেপি পার্টির নাম করে ভয় দেখাচ্ছেন। তিনি সোশ্যাল মিডিয়াতে বিষয়টি নিয়ে সরব হয়েছেন। যদিও, নৃপেনবাবু অভিযোগ মানতে নারাজ। তাঁর বক্তব্য, অসৎ উদ্দেশ্যে তাঁর বিরুদ্ধে ভাই অপপ্রচার করছে। এনিয়ে চরম অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। দলের বর্তমান শাসক গোষ্ঠী কৌশলে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। শহরে এনিয়ে ব্যাপক শোরগোল পড়েছে।

Advertisement

একদা বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির দাপুটে নেতাদের মধ্যে নৃপেনবাবু অন্যতম। ২০১২ সালে তিনি দলের জেলা সভাপতি মনোনীত হন। তিন বছর তিনি দলের জেলা সভাপতির দায়িত্ব সামলেছেন। একদা তিনি দলের রাজ্য কমিটির পদেও ছিলেন। তিনি পেশায় আইনজীবী। শহরের ১৭ নম্বর ওয়ার্ডে বাঘাযতীন রোডে তাঁর বাড়ি। এবার তাঁর বিরুদ্ধেই জমি দখলের অভিযোগ তুলেছেন তাঁরই ছোট ভাই রবীনবাবু। তিনিও পেশায় আইনজীবী। ইতিমধ্যে রীবনবাবু এবিষয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার চালাচ্ছেন।
রবীনবাবু বলেন, ১৭ নম্বর ওয়ার্ডে আমাদের জমি রয়েছে। সেখানে ছোট থেকে বড় হয়েছি। সেই জমির একাংশ আমার। সেই জমির যাতায়াতের রাস্তা বন্ধ করে দাদা বাড়ি তৈরি করেছেন। আমার জমির একাংশও তিনি দখল করেছেন। তিনি বিজেপির কেন্দ্রীয় কমিটির নেতা। কিছু বলতে গেলেই বিজেপির ভয় দেখান। তাঁর বাড়ির প্ল্যান নিয়ে সন্দেহ রয়েছে। বিষয়টি নিয়ে পুরসভায় অভিযোগ জানিয়েছিলাম। কিছু হয়নি। তাই এবার ন্যায্য অধিকার আদায়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বেছে নিয়েছি।
১৭ নম্বর ওয়ার্ডের ওই বাড়িতে থাকনে প্রাক্তন বিজেপি সভাপতি নৃপেনবাবু। তিনি বলেন, আমরা তিন ভাই। তিন জনের নামেই জমি প্লট করা হয়েছে। বড় ভাই প্রয়াত। এখন আমি নিজের প্লটেই বাড়ি করেছি। ছোট ভাইয়ের প্লট ফাঁকাই রয়েছে। এখন অসৎ উদ্দেশ্যে সে অপপ্রচার করছে।
জমি নিয়ে দুই ভাইয়ের এই গোলমাল নিয়ে অস্বস্থিতে গেরুয়া শিবির। দলের শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সভাপতি অরুণ মণ্ডল বলেন, আমি দলের জেলা সভাপতি হওয়ার পর থেকে নৃপেনবাবু দলের কোনও কর্মসূচিতে যোগ দিচ্ছেন না। তাঁর সঙ্গে দলের কোনও যোগাযোগ নেই। তাঁর ভাইকেও চিনি না। কাজেই তাঁদের ব্যক্তিগত ব্যাপার নিয়ে কিছু বলার নেই।     

Advertisement
সম্পর্কিত সংবাদ