সংবাদদাতা, মানিকচক: দক্ষিণ চণ্ডীপুরের মহিলা পঞ্চায়েত সদস্যকে মারধরের ঘটনায় গ্রেপ্তার হওয়া বিজেপি প্রধানকে বাঁচাতে আসরে জেলা বিজেপি নেতৃত্ব। রবিবার মানিকচকে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে মিথ্যে মামলা করে চক্রান্ত করা হয়েছে বলে সরব হলেন দক্ষিণ মালদহ জেলা বিজেপি সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল। পাশাপাশি ঘটনার দিনের সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ করা হয়। গৌরচন্দ্র বলেন, মারধরের ঘটনা না ঘটা সত্ত্বেও যেভাবে দলকে কালিমালিপ্ত করতে মিথ্যা অভিযোগ করা হয়েছে, তাতে পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে দল কড়া ব্যবস্থা নেবে। প্রয়োজনে মানহানির মামলাও করা হবে। গত মঙ্গলবার সন্ধ্যায় মানিকচকে বিজেপির কার্যালয়ে দক্ষিণ চণ্ডীপুরের দলের পঞ্চায়েত সদস্য প্রতিমা মণ্ডলকে মারধরের অভিযোগ ওঠে প্রধান সহ কয়েকজনের বিরুদ্ধে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পঞ্চায়েত সদস্যের ছেলে বঙ্কিম মণ্ডল মানিকচক থানায় লিখিত অভিযোগ করেছিলেন। তারপর প্রধান শক্তি মণ্ডলকে গ্রেপ্তার করেছিল পুলিস।



