সংবাদদাতা, সিউড়ি: ভোটাভুটিতে বিজেপিকে হারিয়ে সিউড়ির বিজেপি পরিচালিত কড়িধ্যা পঞ্চায়েতের চারটি উপ সমিতি গঠন করল তৃণমূল। এদিন উপ সমিতির সদস্যরা শপথগ্রহণ করেছেন। তবে পরে সঞ্চালক পদের শপথগ্রহণ হবে। উল্লেখ্য, গত ৩নভেম্বর এই পঞ্চায়েতের চারটি উপ সমিতিতে অনাস্থার পর ভোটাভুটি হয়। ভোটাভুটিতে অংশগ্রহণ করেনি বিজেপি। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় চারটি উপ সমিতি দখল করে তৃণমূল। সেই চারটি উপসমিতিতে এদিন মোট আটজন সদস্য শপথগ্রহণ করলেন। এই পঞ্চায়েতের চারটি উপ সমিতি অর্থাৎ শিল্প পরিকাঠামো, নারী ও শিশু সুরক্ষা, কৃষি ও প্রাণিসম্পদ বিকাশ এবং শিক্ষা ও জনস্বাস্থ্য বিভাগের সঞ্চালক পদের ভোটাভুটি হয়েছিল। সেই ভোটে জিতে যায় তৃণমূল। যদিও এই পঞ্চায়েত রয়েছে বিজেপির দখলে। পঞ্চায়েতের তৃণমূলের বিরোধী দলনেতা জয়দীপ মুখোপাধ্যায় বলেন, বিজেপি সদস্যরা কোনও উন্নয়নমূলক কাজ করছিলেন না। তাই উপ সমিতির বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছিল।



