Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পাঁচলায় এখনো প্রার্থী দিতে পারেনি গেরুয়ারা, প্রচারে এগিয়ে ঘাসফুল

পাঁচলা বিধানসভা কেন্দ্রে তৃণমূল তিনবারের বিধায়ক গুলশান মল্লিককেই ফের প্রার্থী করেছে। বাম জোটের প্রার্থী হিসাবে এখানে লড়াইয়ে রয়েছেন ফরওয়ার্ড ব্লকের ফরিদ মোল্লা।

পাঁচলায় এখনো প্রার্থী দিতে পারেনি গেরুয়ারা, প্রচারে এগিয়ে ঘাসফুল
  • ৩০ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: পাঁচলা বিধানসভা কেন্দ্রে তৃণমূল তিনবারের বিধায়ক গুলশান মল্লিককেই ফের প্রার্থী করেছে। বাম জোটের প্রার্থী হিসাবে এখানে লড়াইয়ে রয়েছেন ফরওয়ার্ড ব্লকের ফরিদ মোল্লা। রবিবার পর্যন্ত পাঁচলা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করেনি। কংগ্রেসের তো প্রার্থী তালিকাই ঘোষণা হয়নি। ফলে প্রচারে এখন দেখা মিলছে শুধু তৃণমূল ও বাম প্রার্থীকে। এর মধ্যে তৃণমূলের গুলশান মল্লিক প্রচার পর্বে অনেকটাই এগিয়ে গিয়েছেন। বিজেপি নেতৃত্বের দাবি, দু’-একদিনের মধ্যেই প্রার্থীর নাম জানা যাবে। তারপর আমরা জোরকদমে প্রচারে নামব।

Advertisement

গত বিধানসভা নির্বাচনে পাঁচলা বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী গুলশান মল্লিক ৩২ হাজার ৭৫১ ভোটে বিজেপি প্রার্থী মোহিতলাল ঘাঁটিকে পরাজিত করেছিলেন। গুলশান পেয়েছিলেন ১ লক্ষ ৪ হাজার ৫৭২ ভোট। শতকরা হিসাবে ৪৮.৭ শতাংশ ভোট। অন্যদিকে, মোহিতলাল পেয়েছিলেন ৭১ হাজার ৮২১ ভোট। শতকরা হিসাবে ৩৩.৫ শতাংশ ভোট। বাম-কংগ্রেস জোট প্রার্থী হিসাবে আব্দুল জলিল শেখ পেয়েছিলেন ৩৫ হাজার ৫৭৬টি ভোট। শতকরা হিসাবে যা ১৬.৬ শতাংশ। বিজেপি এখনও প্রার্থী ঘোষণা না করায় গুলশান মল্লিক বলেন, বিজেপি এখনও প্রার্থী খুঁজে পাচ্ছে না। জয় নিয়ে নিশ্চিত গুলশান মল্লিকের দাবি, বিজেপি যাঁকেই প্রার্থী করুক না কেন, তাঁর জয়ের ব্যবধান গতবারের থেকেও বাড়বে। অন্যদিকে, ফরওয়ার্ড ব্লক প্রার্থী ফরিদ মোল্লার দাবি, এই কেন্দ্রে বিধায়কের বিরুদ্ধে মানুষের জনরোষ আছে। এবারের ভোটে সেই জনরোষের প্রতিফলন ঘটবে এবং আমার জয় নিশ্চিত। প্রচারে ভালো সাড়া পাচ্ছি। অন্যদিকে, প্রার্থীর নাম ঘোষণা না হলেও দেওয়াল লিখন থেকে শুরু করে কর্মীদের নিয়ে বৈঠক সব কিছুই করছেন বলে জানিয়েছেন বিজেপির হাওড়া সদরের সহ সভাপতি মোহিতলাল ঘাঁটি। তিনি বলেন, ইতিমধ্যে পানিয়াড়ায় নতুন নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হয়েছে। প্রার্থীর নাম ঘোষণা হলেই জোরকদমে প্রচার শুরু হয়ে যাবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ