নিজস্ব প্রতিনিধি, বরানগর: ঘোলায় পুরসভার ভ্যাট ভেঙে ও ফুটপাত দখল করে বিজেপির পার্টি অফিস তৈরি ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। ক্ষুব্ধ এলাকাবাসী পুরসভা সহ বিভিন্ন স্তরে অভিযোগ জানিয়েছেন। তাতেও লাভ হয়নি। বিজেপি নেতৃত্ব রাস্তা দখল করে পার্টি অফিস তৈরি অন্যায় মানলেও তাঁদের দাবি, এলাকাবাসীর অনুরোধে ওই অফিস তৈরি হয়েছে। রাস্তা লাগোয়া বেআইনি দখলদারির উচ্ছেদ অভিযান হলে এই অফিসও নিয়ম মেনে ভাঙা পড়বে।
পানিহাটি পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের সুনীত ব্যানার্জি স্ট্রিট ঘোলার অন্যতম ব্যস্ত রাস্তা। ঘোলা বাজার থেকে হাইস্কুল হয়ে পুরানো পোস্ট অফিস লাগোয়া এলাকায় প্রচুর দোকান ও বসতবাড়ি রয়েছে। তাই তৃণমূল জমানায় পুরানো পোস্ট অফিস মোড় লাগোয়া রাস্তার উপর শৌচাগার, স্নানাগার ও ভ্যাট নির্মাণ করেছিল পুরসভা। তৎকালীন চেয়ারম্যান ছিলেন স্বপন ঘোষ। ভ্যাটে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ আবর্জনা ফেলতেন। সকালে পুরসভার গাড়ি আবর্জনা তুলে নিয়ে যেত। কালীপুজোর পর আচমকা এলাকাবাসী দেখেন, ওই জায়গার ভ্যাট ভেঙে দেওয়া হচ্ছে। বিজেপি নেতা-কর্মীদের উপস্থিতিতে শ্রমিকরা ভ্যাট ভেঙে পরিষ্কার করেন। এরপর ওই জায়গায় বিজেপির পার্টি অফিস তৈরির কাজ শুরু হয়। ভ্যাটের জায়গা দখল করার পাশাপাশি রাস্তার ফুটপাথও দখল করে নেওয়া হয়। এনিয়ে এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দা ও বাজারের ব্যবসায়ীরা ক্ষোভে ফেটে পড়েছেন। তাঁরা পুরসভায় অভিযোগ জানালেও লাভ হয়নি বলে অভিযোগ। অনেকেই প্রশ্ন করছেন, একদিকে রাস্তা থেকে হকার তোলার কথা বলা হচ্ছে। অন্যদিকে, বিজেপি পুরসভার ভ্যাট ও রাস্তার ফুটপাত দখল করে পার্টি অফিস বানাচ্ছে। বিজেপির পানিহাটি ৩ নম্বর মণ্ডল সভাপতি অভিষেক পাল বলেন, ওই জায়গায় ভ্যাট নিয়ে সাধারণ মানুষ আমাদের কাছে অভিযোগ করেছিলেন। তাঁরা চেয়েছিলেন, ভ্যাট বন্ধ করে একটি অফিস হোক। যেখানে তাঁরা নানা পরিষেবা পাবেন। সেই দাবি মেনে ২৮ নম্বর ওয়ার্ডের নেতৃত্ব ওই অফিস বানিয়েছে। সরকারি নিয়মে, সবজায়গায় রাস্তার উপর অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হলে এই অফিসও নিয়ম মেনে ভাঙা হবে।



