Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিজেপি নেতার জমির ধান মারাইয়ে বাধা দেওয়ার অভিযোগ

বিজেপি নেতার জমির ধান মারাইয়ে বাধা দেওয়ার অভিযোগ
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তুফানগঞ্জ: এক বিজেপি নেতার জমির ধান মারাইয়ে বাধা দানের অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। দলের এক নম্বর মণ্ডল সম্পাদক শ্যামেশ্বর বর্মনের জমি নিয়ে এই বিতর্ক দানা বেঁধেছে। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ থানার নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েতের দ্বীপড়পাড় এলাকায়। বুধবার এ বিষয়ে মহকুমা শাসক এবং বিডিও দপ্তরেও নালিশ জানান তিনি। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৃণমূল কংগ্রেসের।
Advertisement
শ্যামেশ্বরবাবু বলেন, লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই আমার উপর নানাভাবে অত্যাচার চালাচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এর আগেও আমার ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। জমি থেকে ধান তুলেছি, অথচ তা মারাই করতে পারছি না। ভুট্টা চাষও বন্ধ করে দিয়েছে। চাষাবাদ করেই কোনওমতে সংসার চালাতে হয়। চাষের মরশুমে তা বন্ধ হয়ে গেলে পরিবার নিয়ে পথে বসতে হবে। পুরো বিষয়টি নিয়ে মহকুমা প্রশাসনের কাছে লিখিতভাবে জানিয়েছি। অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। এই ব্যাপারে বিজেপি এক নম্বর মণ্ডল সভাপতি যুগোলকিশোর দাস বলেন, তৃণমূলের আমলে গণতন্ত্র বলে কিছু নেই। বিজেপি করার অপরাধে বারবার হেনস্তা করা হচ্ছে মণ্ডল সম্পাদককে। প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করলে রাজনৈতিকভাবে এর মোকাবিলা করা হবে। যদিও তৃণমূলের তুফানগঞ্জের নেতা প্রদীপ বসাকের দাবি, এর সঙ্গে রাজনীতির যোগ নেই। পারিবারিক বিবাদকে রাজনীতির রঙ মাখিয়ে আমাদের দলকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে মহকুমা শাসক বাপ্পা গোস্বামী বলেন, পুরো বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।
সম্পর্কিত সংবাদ