Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিজেপি নেতাকে মারধরের অভিযোগ, চাঞ্চল্য

বিজেপি নেতাকে মারধরের অভিযোগ, চাঞ্চল্য
  • ১২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, তুফানগঞ্জ: বিজেপি’র তুফানগঞ্জ শহর মণ্ডল সভাপতি বিপ্লব চক্রবর্তীকে মারধরের অভিযোগ উঠেছে। আক্রান্ত বিজেপি নেতাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। আর এই ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূলের তুফানগঞ্জ শহর যুব সহ সভাপতি আব্দুল্লা ফারুক খন্দকারের। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ওই যুব নেতা। শনিবার সকালে ঘটনাটি ঘটে শহরের ৯ নম্বর ওয়ার্ডের লম্বাপাড়ায়। এব্যাপারে উভয়ই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আক্রান্ত বিজেপি নেতা বিপ্লববাবু বলেন, ছেলেকে স্কুলে রেখে বাড়ি ফিরছিলাম। পূর্ব আক্রোশবশত ওই তৃণমূল নেতা আমাকে রাস্তায় আটকে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। প্রতিবাদ করলে আচমকা আমার উপর চড়াও হয়ে মারধর করে। এরআগেও বহুবার আমাকে হুমকি দিয়েছিল। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। এব্যাপারে বিজেপি তুফানগঞ্জ বিধানসভা কনভেনর বিমল পাল বলেন, রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই। শাসক দলের দুর্নীতি নিয়ে সরব হওয়ার কারণেই আমাদের মণ্ডল সভাপতির উপর হামলা চালানো হয়েছে। পুলিস অবিলম্বে ব্যবস্থা গ্রহণ না করলে আন্দোলনে নামতে বাধ্য হব। 
Advertisement
যদিও তৃণমূলের তুফানগঞ্জ শহর যুব সহ সভাপতি আব্দুল্লা ফারুক খন্দকারের দাবি, ভিত্তিহীন অভিযোগ। বরং ওই বিজেপি নেতাই আমাকে কটূক্তি করেছে। আসলে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূলকে বদনাম করার চেষ্টা হচ্ছে। তৃণমূলের জেলা যুব সভাপতি কমলেশ অধিকারী বলেন, বিষয়টি জানা নেই। দলীয়স্তরে খোঁজ নিয়ে দেখা হবে। তুফানগঞ্জ মহকুমা পুলিস আধিকারিক বৈভব বাঙ্গার বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সম্পর্কিত সংবাদ