বিশেষ সংবাদদাতা, আগরতলা: ভোটের প্রচার সভায় বক্তব্য রাখতে গিয়ে জনজাতি সম্প্রদায়কে নিয়ে কুরুচিপূর্ণ ও সাম্প্রদায়িক মন্তব্য। এমনই অভিযোগে বিদ্ধ ত্রিপুরার বক্সনগরের বিজেপি বিধায়ক তোফাজ্জল হোসেন। ইতিমধ্যেই তাঁর মন্তব্যের তীব্র প্রতিবাদে সরব জোট শরিক তিপ্রামথা ও বিরোধী দলগুলি। বুধবার আগরতলার পশ্চিম থানায় বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে চারটি জনজাতি ছাত্র ও যুব সংগঠন। তিপ্রামথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ বলেছেন, এই মন্তব্যের জন্য রাজ্যের মানুষের কাছে বিধায়ককে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। একই সুরে বিরোধী দলনেতা তথা সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, সংবিধানের নামে শপথ নেওয়া একজন বিধায়কের কাছ থেকে এ ধরনের মন্তব্য কখনোই কাম্য নয়। বিতর্কের জেরে বিধায়ককে শোকজ করেছে বিজেপি। ৭ দিনের মধ্যে তাঁর জবাব তলব করা হয়েছে। এদিকে, রাজ্যের পুর ভোটে ৭৭ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে শাসক বিজেপি। বিরোধীদের অভিযোগ, ভয় দেখিয়ে বিরোধী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করা হয়েছে।



