সংবাদদাতা, কল্যাণী: ফের বিতর্কিত মন্তব্যের ভিডিয়ো ভাইরাল হওয়ায় চর্চায় হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। ভাইরাল হওয়া ভিডিয়োতে তাঁকে বলতে শোনা গিয়েছে, যাঁরা যোগ্য হওয়া সত্ত্বেও অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, তাঁরা বিজেপির মণ্ডল সভাপতি, শক্তি প্রমুখ ও শক্তিকেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের বাড়ি ঘেরাও করুন। যদিও বর্তমান এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি। প্রসঙ্গত, অতীতে তাঁর এমন বহু মন্তব্য ভাইরাল হওয়ার পর বিতর্ক তৈরি করেছিল। তবে এই ভিডিয়োর বিষয়ে বিধায়কের দাবি, পুরো অংশটি প্রকাশ করা হয়নি এবং বক্তব্যের অর্থ বদল করা হয়েছে।
সম্প্রতি ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘যদি এরপর আমাকে কেউ বলেন অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, যাঁরা সত্যি গরিব এবং যোগ্য, তাহলে তার সমস্ত দায় বর্তাবে মণ্ডল সভাপতি, শক্তি প্রমুখ, শক্তিকেন্দ্রের নেতা ও ইনচার্জদের উপর। আমি বলব, ওঁদের বাড়ি ঘেরাও কর’। ওই ভিডিয়োতেই তিনি বলেছেন, ‘যাঁদের আবেদনপত্র বাতিল হয়েছে বা নতুন করে আবেদন করেছেন, তাঁদের স্ট্যাটাস কী অবস্থায় রয়েছে, তা আমার পিএ’র কাছে জমা দিন’।
এই বিষয়ে বিধায়ক অসীম সরকার বলেন, ‘পুরো ভিডিয়ো প্রকাশ করা হয়নি। আমি বোঝাতে চেয়েছিলাম, প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখেই কাজ করতে হবে দলীয় কর্মীদের’। বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি নৃপেন বিশ্বাস একই দাবি করে বলেন, ‘পুরো ভিডিও প্রকাশ না করে মাঝখান থেকে একাংশ ভাইরাল করা হয়েছে। মানুষকে বিভ্রান্ত করতেই এই কাজ করা হয়েছে। যাঁরা আবেদন করেননি, তাঁদের আবেদন করতে বলা হয়েছে।’ সিপিএম নেতা সবুজ দাসের কটাক্ষ, ‘প্রতিশ্রুতি পূরণ করতে না পেরে আগেভাগেই নিজেদের দায় এড়ানোর চেষ্টা করছে বিজেপি।’