নিজস্ব প্রতিনিধি, হাওড়া: পুরভোটের আগে কালীপুজোকে কেন্দ্র করে প্রকাশ্যে চলে এল বিজেপির গোষ্ঠীকোন্দল। তৃণমূলের ঘনিষ্ঠ বলে পরিচিত একটি ক্লাবের কালীপুজোয় পুর প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা উমেশ রাইয়ের উপস্থিতিকে ঘিরে তীব্র ক্ষোভ ছড়াল দলের আদি কর্মীদের মধ্যে। রবিবার রাতে শিবপুর বিধানসভা কেন্দ্রের কোনা ভূতবাগান এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ হয়। যদিও হাতাহাতির পর্যায়ে পৌঁছানোর আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। রাজনৈতিক মহলের মতে, পুরভোটের মুখে এই ঘটনা স্থানীয় বিজেপি বিধায়ক ও প্রতিমন্ত্রীর শিবিরের মধ্যে ঠান্ডা লড়াইকে কার্যত প্রকাশ্যে এনে দিয়েছে।
স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ, ওই ক্লাবটি দীর্ঘদিন ধরেই তৃণমূলের ঘনিষ্ঠ বলে পরিচিত। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর ক্লাবের সদস্যরা রাতারাতি তৃণমূল ছেড়ে বিজেপির ঝান্ডা হাতে তুলে নেন। ইদানীং তাঁরা নিজেদের নব্য বিজেপি বলেও পরিচয় দিচ্ছেন। সেই ক্লাবের একাংশের আমন্ত্রণে কালীপুজোর মণ্ডপে গিয়েছিলেন প্রতিমন্ত্রী। আর তা নিয়েই আপত্তি দলের পুরানো কর্মীদের। তাঁদের অভিযোগ, এক সময় যাঁরা বিজেপি কর্মীদের বাড়িতে ঢুকে মারধর করেছে, এমনকি নির্বাচনি প্রচারে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের গাড়ি আটকে বাধা দিয়েছে, তাদের পুজোয় মন্ত্রীর উপস্থিতি পুরানো কর্মীদের কাছে অসম্মানজনক। বিষয়টি নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ উগড়ে দেন তাঁরা। এলাকার বাসিন্দা তথা বিজেপির প্রাক্তন জেলা সভাপতি মণিমোহন ভট্টাচার্যের দাবি, গত ৪ মের আগে যাঁরা নিজেদের মা-মাটি-মানুষের দলের কর্মী বলে পরিচয় দিতেন, তাঁদের হঠাৎ বিজেপির প্রতিমন্ত্রীর কাছে যাওয়ার প্রয়োজন পড়ল কেন? তৃণমূলের হয়ে সন্ত্রাস চালানো সেই লোকজনের বিজেপি হওয়ার চেষ্টা পুরানো কর্মীরা মেনে নেবেন না।
শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষও এই ঘটনায় কর্মীদের ভাবাবেগের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, ‘অতীতের কথা মাথায় রেখে নেতা-মন্ত্রীদের উচিত প্রকৃত বিজেপি কর্মীদের পাশে থাকা।’ স্থানীয় বিধায়কের কাছে সুবিধা না পেয়ে অন্য বিধায়ক বা মন্ত্রীর মাধ্যমে কাজ করানোর চেষ্টা থেকেও বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে তাঁর মত। অন্যদিকে, প্রতিমন্ত্রী উমেশ রাইয়ের দাবি, তিনি পুজো উদ্বোধন করতে যাননি। কথা দিয়েছিলেন বলে পুজো চলাকালীন শুধু প্রণাম করতে গিয়েছিলেন। কারা তাঁর সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলেছেন, তা চিহ্নিত করা সম্ভব নয়। তবে কর্মীদের ভাবাবেগের বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলে আশ্বস্ত করেছেন। ধর্মীয় অনুষ্ঠান নিয়ে রাজনীতি করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে, জগৎবল্লভপুরের সন্তোষপুরে মণ্ডপে প্রতিমা আনার সময় নাচানাচিকে কেন্দ্র করে দুই ক্লাবের সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনায় দু’পক্ষের মোট ১০ জন আহত হন। তাঁদের মধ্যে চারজনকে হাওড়া হাসপাতালে ভরতি করা হয়। বাকিদের জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।



