Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬

জেন জি-র কাছে বিজেপির ‘জামানত জব্দ’ সমাজ মাধ্যমে, কড়া হচ্ছে কেন্দ্র

জেন জি আন্দোলনে বিজেপির জামানত জব্দ হয়েছে। দিল্লি পুলিশ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির বিরুদ্ধে নোটিস পাঠিয়েছে। বিস্তারিত পড়ুন।

জেন জি-র কাছে বিজেপির ‘জামানত জব্দ’ সমাজ মাধ্যমে, কড়া হচ্ছে কেন্দ্র
  • ২৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জেন জি এবং সোশ্যাল মিডিয়া একপ্রকার সমার্থক। ১২ বছরে প্রথমবার অল্পবয়সি নাগরিকদের চাপের কাছে নত  হয়ে এক ক্যাবিনেট মন্ত্রীকে ইস্তফা দিতে হয়েছে। স্বাভাবিকভাবেই যা প্রবল বিব্রত করেছে মোদি সরকাকে। হয়ত ক্রুদ্ধও। এই প্রথম একটি সরকারবিরোধী আন্দোলনের চালিকাশক্তি ছিল মোবাইল ফোন। আর অস্ত্রের নাম সোশ্যাল মিডিয়া। ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নামই দেওয়া হচ্ছে ইনস্টা রেভলিউশন। অর্থাৎ শহুরে জেন জির প্রায় রক্তে মিশে যাওয়া ইনস্টাগ্রামই হয়েছে এই আন্দোলনের স্ফূলিঙ্গ ছড়িয়ে দেওয়ার বারুদ। এই প্রথম কোনো অনলাইন যুদ্ধের লড়াইয়ে বিজেপির আইটি সেলের জামানত বাজেয়াপ্ত হয়েছে। প্রথম থেকে সরকার উদাসীন ও অনড় মনোভাব নিয়ে থাকলেও, শেষ পর্যন্ত নরম হতে হয়েছে। সব দাবিও মানতে হয়েছে। আপাতভাবে সব শান্ত হওয়ার পর মোদি সরকার কঠোর অবস্থান নিয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির বিরুদ্ধে। আন্দোলন চলাকালীন ধর্মেন্দ্র প্রধানের থেকেও হয়ত বেশি অনলাইন এবং অফলাইন ব্যঙ্গ, বিদ্রূপ, কটাক্ষ, মিম, ভিডিওর শিকার হতে হয়েছে নরেন্দ্র মোদিকে। দিল্লি পুলিশ এবার সেইসব প্রচারের বিরুদ্ধে কড়া মনোভাব নিয়ে সোশ্যাল মিডিয়া সংস্থাগুলিকে নোটিস পাঠিয়েছে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনোরকম অশালীন পোস্ট কেউ করলে অথবা শেয়ার করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। দিল্লি পুলিশ জানিয়েছে, আমরা সব নজর রাখছি। তথ্যপ্রমাণও রয়েছে। এই রকম পোস্ট কেন সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতে দেওয়া হল? এই প্রশ্ন তুলে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি করেছে ক্ষুব্ধ দিল্লি পুলিশ। অন্যদিকে, দিল্লি পুলিশের মতোই  কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গাদকারি আদালতের দ্বারস্থ হয়েছেন। তিনি আবেদন করেছেন ইথানল নিয়ে তাঁর ও তাঁর পরিবারকে জড়িয়ে লাগাতার অনলাইনে, সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার এবং অশালীন, অসত্য প্রচার চালানো হচ্ছে। অথচ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি বিষয়টি যাচাই করছে না। সুতরাং সোস্যাল মিডিয়া সংস্থাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চান তিনি। বম্বে হাইকোর্ট সেই অনুমতি সোমবার তাঁকে দিয়েছে। যে সোশ্যাল মিডিয়া তথা ডিজিটাল বিপ্লবকে বিগত ১২ বছরের সবথেকে বড় কৃতিত্ব হিসাবে  প্রচার করেন প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রীরা, সেই প্ল্যাটফর্মগুলি সম্পর্কেই এখন কেন্দ্র খড়্গহস্ত ও আতঙ্কিত। কারণ একটাই। জেন জি যেভাবে সোস্যাল মিডিয়া ব্যবহার করে তার সঙ্গে লড়াই করেছে, রাজনৈতিক মহলের পক্ষে তা সম্ভব হচ্ছে না। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ