নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি জাতীয় নির্বাচন কমিশন। কবে থেকে এই বিশেষ কর্মসূচি শুরু হবে তাও অনিশ্চিত। কিন্তু নির্বাচন কমিশনকে কার্যত পাত্তা না দিয়ে বঙ্গ বিজেপি নেতারা এসআইআর নিয়ে হুমকি দিতে শুরু করে দিয়েছেন। বিরোধী দলনেতা প্রকাশ্য সভায় বারবার দাবি করছেন এক কোটির বেশি নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য থেকে কেন্দ্রীয়মন্ত্রী সুকান্ত মজুমদার একই সুরে এসআইআর নিয়ে নিয়মিত ‘চমকাচ্ছেন’। যা নিয়ে দলের অন্দরে তৈরি হয়েছে ভিন্ন মত। তাঁদের দাবি, ভোটার তালিকা সংশোধনের পর কত নাম বাদ যাবে, তা কারও জানা নেই। তাহলে প্রশ্ন বঙ্গ বিজেপি নেতারা কীভাবে তা জানতে পারলেন? একমাত্র সরকারি কিংবা নির্বাচন কমিশনের কর্তাদের তা জানার কথা। তাও গোটা প্রক্রিয়া শেষ হওয়ায় পর। এসআইআর নিয়ে আগাম এই ‘চমক-ধমক’ পরোক্ষে পার্টির ক্ষতি করছে বলে সংশ্লিষ্ট মহলের অভিমত। এই ইস্যুতে ইতিমধ্যেই সরব হয়েছেন নদীয়ার হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। সমাজমাধ্যম সহ বিভিন্ন স্তরে তাঁর অভিযোগ, এসআইআর’এর মাধ্যমে বনগাঁ, রানাঘাট সহ সীমান্ত এলাকায় বাদ পড়বে হিন্দু উদ্বাস্তুদের নাম। এতে আখেরে ক্ষতি হবে দলেরই।



