সংবাদদাতা, বনগাঁ: গাড়ির ধাক্কায় বাইক ফেলে দেওয়াকে কেন্দ্র করে বচসায় জড়ালেন বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিকাশ ঘোষ। তাঁর বিরুদ্ধে বনগাঁ থানায় অভিযোগ করেন এক ব্যবসায়ী। যদিও বিজেপি জেলা সভাপতির দাবি, সাইকেল আরোহীকে পাশ কাটাতে গিয়ে সামান্য ধাক্কা লাগে বাইকে।
বনগাঁ সুভাষপল্লির বাসিন্দা গণেশ বিশ্বাসের জেরক্সের দোকান রয়েছে বনগাঁ আদালত চত্বরে। বুধবার সন্ধ্যায় দোকানের সামনে তাঁর বাইক রাখা ছিল। অভিযোগ, বিকাশ ঘোষের গাড়ি ওই বাইকে ধাক্কা মারে। বাইকটি পড়ে যায়। জেলা সভাপতির গাড়ি আটকে প্রতিবাদ জানান গণেশ। তাঁর অভিযোগ, আমি কথা বলতে গেলে আমাকে নোংরা ভাষায় গালাগালি দেয়। জন প্রতিনিধির এধরনের ব্যবহারে আমার সম্মানহানি হয়েছে। আমি বিচার চাইতে প্রশাসনের দ্বারস্থ হয়েছি। বিকাশ ঘোষ বলেন, ‘সাইকেলকে পাশ কাটাতে গিয়ে ওই বাইকে ধাক্কা লাগে আমার গাড়ির। বাইকটি সঙ্গে সঙ্গে তুলে দেওয়া হয়। কিন্তু ওই ব্যক্তি এসে নোংরা ভাষায় কথা বলেন।’