সংবাদদাতা, বনগাঁ: এবার প্রকাশ্যেই মারদাঙ্গার হুমকি বিজেপি নেতার মুখে। শনিবার দলের সাংগঠনিক জেলার উদ্যোগে কর্মিসভার আয়োজন করা হয়েছিল বনগাঁ স্টেশন সংলগ্ন একটি লজে। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির প্রাক্তন জেলা সভাপতি তথা কাউন্সিলার দেবদাস মণ্ডল কর্মীদের উদ্দেশে বলেন, ‘কেসের ভয় পাবেন না, তৃণমূলের কর্মীরা যদি আমাদের কারও গায়ে হাত দেয়, তাহলে ডান্ডা দিয়ে মেরে মালাইচাকি ভেঙে দিন ওদের।’ তাঁর এই মন্তব্যকে ঘিরে সমালোচনার ঝড় উঠেছে বনগাঁয়। তৃণমূল পাল্টা কটাক্ষ করে বলেছে, নিজের দলই ওই নেতার হাঁটু ভেঙে দিয়েছে। সম্প্রতি বিজেপি শাসিত একাধিক পঞ্চায়েতের প্রধানের গলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গিয়েছে। রাজ্যের একাধিক প্রকল্পের ভূয়সী প্রশংসা করেছেন বিজেপির ওই নেতারা। তাঁদের উদ্দেশে দেবদাসবাবু বলেন, ‘যাঁরা তৃণমূলের প্রশংসায় পঞ্চমুখ, তাঁরা বিজেপি নন। ওই নেতারা আসলে তৃণমূলের দালাল। দলে কারও পদই চিরস্থায়ী নয়। দল ক্ষমতায় না থাকলে পদ কোনও কাজে আসবে না। তাই আপনারা ঐক্যবদ্ধ হয়ে দলকে ক্ষমতায় আনার চেষ্টা করুন।’ বিজেপি নেতা দেবদাস মণ্ডলের এই হুমকিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। দলের সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, ‘বিজেপির জেলা সভাপতির পদ থেকে ছেঁটে ফেলে আগেই দেবদাস মণ্ডলের হাঁটু ভেঙে দিয়েছে তাঁর দল। দলে গুরুত্ব না পেয়ে এখন উস্কানিমূলক মন্তব্য করছেন।’ যদিও এ প্রসঙ্গে দেবদাসবাবুর পাশেই দাঁড়িয়েছেন বিজেপির বর্তমান জেলা সভাপতি বিকাশ ঘোষ। তিনি বলেন, ‘প্রতিটি ক্রিয়ারই একটা প্রতিক্রিয়া আছে। দলের কারও গায়ে হাত দিলে বিজেপি কর্মীরা চুড়ি পড়ে বসে থাকবেন না। ইট মারলে পাটকেল খেতে হবে। তবে আমাদের কর্মীরা আগে থেকে কোনও অশান্তিতে যাবে না।’



