নিজস্ব প্রতিনিধি, তমলুক: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম ভাঙিয়ে তোলাবাজির অভিযোগে ধৃত বিজেপি নেতা অভিজিৎ করণকে দু’দিনের জেল হেপাজতে পাঠাল কোর্ট। আট দিনের পুলিশ হেপাজত শেষে বুধবার নন্দকুমার থানার চক শিমুলিয়া গ্রামের ওই বিজেপি নেতাকে পূর্ব মেদিনীপুর সিজেএম কোর্টে পেশ করে পুলিশ। এদিন নন্দকুমার থানার পুলিশ তাকে হেপাজতে নিতে চায়নি। অভিযুক্তকে জামিন দেওয়ার জন্য আবেদন জানান তার আইনজীবী। যদিও সরকারি আইনজীবী সফিউল আলি খান তার বিরোধিতা করেন। ২৭নভেম্বর পর্যন্ত অভিযুক্তকে জেল হেপাজতে পাঠান বিচারক। ধৃতের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস জানার জন্য নন্দকুমার থানার পুলিশ ব্যাংকে চিঠি দিয়েছে। অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য এলে আরও কিছু জানা যাবে বলে মনে করছে পুলিশ।
উল্লেখ্য, গত ১৪নভেম্বর নন্দকুমার পঞ্চায়েত সমিতির বিজেপির সদস্য রিপুঞ্জয় প্রামাণিক অভিজিৎ করণ ও তমলুকের দেবকমল দাসের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন। অভিজিৎ বিজেপির নন্দকুমার-১মণ্ডল কমিটির সহ সভাপতি। ওই দু’জন রিপুঞ্জয়কে নন্দকুমার বিধানসভায় প্রার্থীর টোপ দিয়ে দু’কোটি টাকার চুক্তি করেছিল বলে দাবি। অগ্রিম ১৬লক্ষ টাকা দিয়েছিলেন রিপুঞ্জয়। প্রার্থী হিসাবে নাম ঘোষণার পর বাকি টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু, দল তাঁকে প্রার্থী করেনি। আবার টাকাও ফেরত পাননি।
লোকলজ্জার ভয়ে রিপুঞ্জয় প্রামাণিক এতদিন কোনো অভিযোগ দায়ের করেননি। কিন্তু, পালাবদলের পর অভিজিৎ স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম ভাঙিয়ে গ্রুপ-ডি চাকরি দেওয়ার নামে রাজ্যের নানাপ্রান্ত থেকে দেদার টাকা তুলতে শুরু করে বলে অভিযোগ। তার বিরুদ্ধে প্রায় ছ’কোটি টাকা তোলাবাজির অভিযোগ আসে। মুখ্যমন্ত্রীর কাছেও অভিযোগ পৌঁছয়। এরপরই অভিজিৎকে টাইট দিতে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়। দলের নির্দেশে ১৪নভেম্বর নন্দকুমার থানায় এফআইআর করেন বিজেপি নেতা রিপুঞ্জয়। সেইদিন অভিজিৎকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রথমে দু’দিন ও পরে আরও ১০দিন মিলে ১২দিনের পুলিশ হেপাজতে ছিল অভিজিৎ করণ। তাকে জিজ্ঞাসাবাদ করে বেশকিছু তথ্য জোগাড় করেছে নন্দকুমার থানার পুলিশ। অপর অভিযুক্ত তমলুকের দেবকমল দাসের ভূমিকাও পুলিশের নজরে রয়েছে।



