নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: এইমস-এ চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার গয়েশপুরের বিজেপি নেত্রী। ধৃতের নাম তনু খাস্তগীর। ইতিমধ্যেই গয়েশপুর থানা তাঁকে গ্রেফতার করে জেরা শুরু করেছে। জানা গিয়েছে, তনু খাস্তগীর নামে ওই বিজেপি নেত্রী কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন এইমস হাসপাতালে চাকরি পাইয়ে দেওয়ার নামে ১০ লক্ষ টাকা হাতিয়ে নেন।
তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। আর সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে পাকড়াও করে পুলিশ। উল্লেখ্য, এর আগে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা, চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষের বিরুদ্ধে এইমস-এ বেনিয়মে নিয়োগ করানোর অভিযোগ উঠেছিল। নীলাদ্রিশেখর দানার মেয়ে মৈত্রী দানার নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছিল। বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ অনসূয়া ঘোষের নিয়োগ নিয়েও প্রশ্ন উঠে।