সংবাদদাতা, তারকেশ্বর: ভদ্রেশ্বরে দুর্গা প্রতিমার কাঠামো তুলতে গিয়ে মৃত্যু হল বিজেপি নেতার। মৃতের নাম গৌরী সাহানি (৬১)। শক্তি কেন্দ্রের প্রমুখ ছিলেন তিনি। বুধবার রাতে ভদ্রেশ্বর শ্রীমানী ঘাটে প্রতিমা নিরঞ্জন চলছিল। বিসর্জনের ঘাট থেকে প্রায় একশো মিটার দূরে দুর্গা প্রতিমার কাঠামো তুলতে যান তিনি। সেখানে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে চন্দননগর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বৃহস্পতিবার দেহ ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, চোরবাগানের দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে প্রতিমা নিরঞ্জনেও বাড়তি সতর্কতা অবলম্বন করছে পুলিশ ও প্রশাসন। দশমীতে চুঁচুড়ায় বিভিন্ন গঙ্গার ঘাটে দুপুরের পর থেকেই শুরু হয় প্রতিমা নিরঞ্জন। রাত পর্যন্ত নিরঞ্জন চলে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘাটগুলিতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন করা হয় সিভিল ডিফেন্সের ও পুরসভার কর্মীদের।
সদর মহকুমা শাসক অভিজিৎ সাহা জানান, অন্নপূর্ণা ঘাট, ময়ূরপঙ্খী ঘাট, চুনুমিয়া ঘাট ও জোড়াঘাটসহ বিভিন্ন ঘাট পরিদর্শন করা হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আগেই ঘাটগুলি পরিদর্শন করা হয়েছিল। যে ঘাটে বেশি প্রতিমা নিরঞ্জন হয়, সেখানে সমস্ত ব্যবস্থা ঠিকঠাক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পর্যাপ্ত সংখ্যায় পুরসভার কর্মী রাখা হয়েছে, যাতে প্রতিমা নিরঞ্জনের পর কাঠামো গঙ্গা থেকে তুলে নেওয়া হয়। প্রতিটি ঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা হয়েছে।



