Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ব্যবসায়ীকে মারধর বিজেপি নেতার, অভিযোগে চাঞ্চল্য

এক ব্যবসায়ী ও তাঁর ম্যানেজারকে মারধরের অভিযোগ উঠল বিজেপির প্রাক্তন অঞ্চল প্রমুখ সহ তাঁর দলবলের বিরুদ্ধে।

ব্যবসায়ীকে মারধর বিজেপি নেতার, অভিযোগে চাঞ্চল্য
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তুফানগঞ্জ: এক ব্যবসায়ী ও তাঁর ম্যানেজারকে মারধরের অভিযোগ উঠল বিজেপির প্রাক্তন অঞ্চল প্রমুখ সহ তাঁর দলবলের বিরুদ্ধে। তুফানগঞ্জ-১ ব্লকের নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েতের কার্জিপাড়া এলাকার এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ। ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে এলাকায় বিক্ষোভ মিছিল করে তৃণমূল কংগ্রেস। যদিও বিজেপি সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। এনিয়ে আক্রান্ত ব্যবসায়ী প্রকাশ দাস শুক্রবার রাতে তুফানগঞ্জ থানার দ্বারস্থ হন। 

Advertisement

প্রকাশবাবু বলেন, ওই এলাকায় আমার একটি সিমেন্টের গোডাউন রয়েছে। সেইসূত্রে প্রতিনিয়ত যাতায়াত করতে হয়। মারধরের সঙ্গে যুক্ত অভিনন্দন বর্মনের কাছে ৫৫ লক্ষ টাকা পাই। সেই টাকা মিটিয়ে দেওয়ার কথা বলে আমাকে কার্জিমোড়ে ডেকে নেয়। বকেয়া টাকা চাওয়া মাত্রই দুষ্কৃতীরা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। প্রতিবাদ করলে আমার উপর বাঁশের লাঠি, কাঠের বাটাম নিয়ে চড়াও হয়। পিঠে, মাথায় সজোরে আঘাত করে। আমাকে বাঁচাতে এলে আমার ম্যানেজার শুভজিৎ দে’কে মেরে হাত ভেঙে দেয়। চিৎকার চেঁচামেচি শুনে আশপাশের লোকজন ছুটে এসে আমাদের উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যান। আমাকে প্রাণে মারার চেষ্টা করেছে দুষ্কৃতীরা। 
এদিকে, এই ঘটনা নিয়ে সরব হয়েছে তৃণমূল। তৃণমূল শ্রমিক সংগঠনের তুফানগঞ্জ-১ (বি) ব্লক সভাপতি বিনয় রায় বলেন,  এটাই বিজেপির সংস্কৃতি। যেভাবে বিজেপির দুষ্কৃতীরা একজন ব্যবসায়ী ও তাঁর ম্যানেজারের উপর প্রাণঘাতী হামলা চালিয়েছে তা নিন্দা জানানোর ভাষা নেই। দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে মিছিল করা হয়েছে। বিজেপির তুফানগঞ্জ-১ মণ্ডল সভাপতি যুগোল কিশোর দাস বলেন, বিষয়টি শুনেছি। দু’জন ব্যবসায়ীর মধ্যে টাকা পয়সা লেনদেনের কারণে ঘটনাটি ঘটেছে। এর সঙ্গে আমাদের দলের কোনো যোগ নেই। দল এধরনের কাজকে সমর্থন করে না। তৃণমূল ইচ্ছাকৃতভাবে বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

সম্পর্কিত সংবাদ