সংবাদদাতা, কাকদ্বীপ: দুই ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগে বিজেপি নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমা থানা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীপক মাইতি অঙ্কন শিক্ষক। এছাড়াও তিনি পাথরপ্রতিমা এলাকায় একজন দাপুটে বিজেপি নেতা। তিনি তিনটি গ্রাম পঞ্চায়েতে বিজেপি দলের পক্ষ থেকে সাংগঠনিক দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার ক্লাস করার জন্য তিনি ছাত্রছাত্রীদের বাড়িতে ডেকেছিলেন। এরপরই দুই নাবালিকা ছাত্রীকে আলাদা ঘরে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। বাড়িতে ফিরে ওই দুই ছাত্রী তাদের পরিবারকে বিষয়টি জানান। তখনই ঘটনাটি চারিদিকে জানাজানি হয়ে যায়। গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে ওই শিক্ষককে বেঁধে রেখে মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে যায়। ছাত্রীদের পরিবারের তরফ থেকে পাথরপ্রতিমা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত দীপককে গ্রেপ্তার করেছে। শুক্রবার ধৃতকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে, বিচারক তিন দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন। এই ঘটনা সামনে আসতেই বিজেপি দলের পক্ষ থেকে দীপককে বহিষ্কার করা হয়েছে।



