Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজেপি নেত্রীকে প্রতারণায় অভিযুক্ত দলেরই নেতা, গ্রেপ্তার হাওড়া থেকে

চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণা। প্রতারিত হয়েছেন বিজেপি নেত্রী। প্রতারণায় অভিযুক্ত বিজেপি নেতা। অভিযুক্তকে পুলিস গ্রেপ্তারও করেছে।

বিজেপি নেত্রীকে প্রতারণায় অভিযুক্ত দলেরই নেতা, গ্রেপ্তার হাওড়া থেকে
  • ৩০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণা। প্রতারিত হয়েছেন বিজেপি নেত্রী। প্রতারণায় অভিযুক্ত বিজেপি নেতা। অভিযুক্তকে পুলিস গ্রেপ্তারও করেছে। শনিবার গভীর রাতে হাওড়া থেকে অভিযুক্ত হরিওম বাল্মীকিকে গ্রেপ্তার করে আমডাঙা থানার পুলিস। রবিবার তাঁকে আদালতে তোলা হলে চারদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। প্রতারিত বিজেপি নেত্রী পলি দাস টাকা ফেরতের পাশাপাশি প্রতারকের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। 

Advertisement

স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, রাজনীতির সূত্রেই আমডাঙার মরিচা গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য পলি দাসের সঙ্গে পরিচয় হয় হরিওমের। তাঁর বাড়ি হাওড়ার সাঁকরাইল থানার মানিকপুর এলাকায়। পলিদেবী ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে মরিচা গ্রাম পঞ্চায়েতের সদস্য হন। এখন দলের সক্রিয় নেত্রী। অন্যদিকে হরিওম বিজেপির রাজ্য এসসি মোর্চার এগজিকিউটিভ মেম্বার ছিলেন। পাশাপাশি কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের সঙ্গেও তাঁর পরিচয় রয়েছে। অভিযোগ, কিছুদিন আগে পলিদেবীকে এয়ারলাইন্সে চাকরি করে দেওয়ার প্রস্তাব দেন হরিওম। এর জন্য ১ লক্ষ ৫ হাজার টাকা নেন তিনি। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও জোটেনি চাকরি। এই অবস্থায় চলতি বছর ৬ জুন হরিয়মের নামে আমডাঙা থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন বিজেপি নেত্রী। তদন্তকারী অফিসার আসিফ মণ্ডলের নেতৃত্বে শনিবার রাতে তল্লাশি চালানো হয় হাওড়ার মানিকপুরে। সেখান থেকেই পুলিস তাঁকে গ্রেপ্তার করে। 
বিজেপি নেত্রী পলি দাস বলেন, ‘আমাকে এয়ারলাইন্সে চাকরি করে দেওয়ার নাম করে একাধিক দফায় ১ লক্ষ ৫ হাজার টাকা নিয়েছেন হরিওম। কিন্তু এখন চাকরির কথা বললেই এড়িয়ে যাচ্ছিলেন। পরে আমি বুঝতে পারি, সবটাই প্রতারণা। অভিযোগ দায়ের করি আমডাঙা থানায়। পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। আমি ওর কঠোর শাস্তির পাশাপাশি টাকার ফেরতের দাবি জানাচ্ছি।’ 
ধৃতের দাদা শ্রীয়ম বাল্মীকি বলেন, ‘আমার ভাই বিজেপির রাজ্য এসসি সেলের এগজিকিউটিভ সদস্য ছিল। এখন স্থানীয় স্তরে বিজেপির এসসি সেলের দায়িত্বে আছে। ওর বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা। অযথা ওর নামে কুৎসা করা হচ্ছে। ওই মহিলা ফাঁসাচ্ছেন ভাইকে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ