Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মানুষের স্বাধীনতা কেড়ে নিচ্ছে বিজেপি, আক্রমণ রহিম বক্সির

দেশের স্বাধীনতার জন্য প্রাণ বিসর্জন দিয়েছিলেন বিনয়, বাদল, দীনেশ ও আসফাকউল্লাহ খানের মতো বিপ্লবীরা। কিন্তু এখন স্বৈরাচারী শাসন কায়েম করেছে কেন্দ্রের বিজেপি সরকার।

মানুষের স্বাধীনতা কেড়ে নিচ্ছে বিজেপি, আক্রমণ রহিম বক্সির
  • ১৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

উজির আলি, চাঁচল: দেশের স্বাধীনতার জন্য প্রাণ বিসর্জন দিয়েছিলেন বিনয়, বাদল, দীনেশ ও আসফাকউল্লাহ খানের মতো বিপ্লবীরা। কিন্তু এখন স্বৈরাচারী শাসন কায়েম করেছে কেন্দ্রের বিজেপি সরকার। এমন অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মালদহ জেলা তৃণমূল সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি।

Advertisement

শুক্রবার ৭৯তম স্বাধীনতা দিবসের বিকেলে সামসি থেকে মালতীপুর পর্যন্ত বাইপাস ধরে বাইক র‌্যালি করে তৃণমূল। কয়েক হাজার কর্মী, সমর্থক যোগ দেন র‌্যালিতে। জাতীয় পতাকা ও ব্যানার হাতে নেতা, কর্মী বন্দেমাতরম স্লোগানে মুখরিত হয় এলাকা। 
র‌্যালি শেষে রহিমের অভিযোগ, গণতন্ত্রকে হত্যা করে বিজেপি কেন্দ্রে বসে স্বৈরাচারী শাসন চালাচ্ছে। স্বাধীনতার চেতনাকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষীদের উপর অত্যাচার হচ্ছে। বাঙালি শ্রমিকদের মারধর করা হচ্ছে। সীমান্তে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে।
বিধায়কের দাবি, বর্তমানে দেশের নাগরিকদের স্বাধীনতা হরণ করার চেষ্টা চালাচ্ছে বিজেপি। এসআইআর এর মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে বাংলা দখলের পরিকল্পনা করা হচ্ছে। বাংলার মানুষ যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারেন, তা নিশ্চিত করতে তৎপর মমতা বন্দ্যোপাধ্যায়। 
রহিম বলেন, এসআইআর, এনআরসি ও সিএএ করার ভয় দেখিয়ে বিজেপি সরকার যে সাধারণ মানুষের স্বাধীনতা কেড়ে নেওয়ার পরিকল্পনা করেছে, ভেস্তে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পাল্টা আক্রমণ করতে ছাড়েননি উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু। তাঁর মন্তব্য, মালতীপুরের বিধায়কের রাজনৈতিক অস্তিত্ব এখন সঙ্কটে। তাই জনসমর্থন টানতে নানা বিতর্কিত মন্তব্য করছেন। তৃণমূল সরকার রাজ্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ। বিজেপির লক্ষ্য, ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, ভয় দেখানো নয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ