সংবাদদাতা, সিউড়ি: এসআইআর নিয়ে বিজেপি নেতা-কর্মীদের হুমকির সুর শোনা গেল জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের গলায়। কোনও বৈধ ভোটার বাদ গেলে বিজেপির কপালে দুঃখ আছে। সোমবার সংবাদমাধ্যমের সামনে তিনি এই মন্তব্য করেন। আর তা নিয়ে জেলাজুড়ে রাজনৈতিক তর্জা শুরু হয়েছে। ওইদিন রাতে জেলা পরিষদের সভাধিপতি সিউড়ি-২ ব্লকের বনশঙ্কা পঞ্চায়েতের একটি খেলার উদ্বোধনে যান। সেখানেই সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, এসআইআরের নাম করে কোনও বৈধ ভোটারকে বাদ দেওয়া হলে এই জেলার মা-মাটি-মানুষের কর্মীরা বসে থাকবে না। এটা যে বিজেপির চক্রান্ত তা বাংলার মানুষ জেনে গিয়েছে। তাই বিজেপি নেতানেত্রীদের বলব, সাবধান হয়ে যান। তিনি আরও বলেন, এসআইআর হোক। কিন্তু একজনও বৈধ ভোটার যেন তাঁর ভোটাধিকার থেকে বঞ্চিত না হন। তা হলেই তোমাদের কপালে দুঃখ আছে।



