Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরসভা ও পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ, উত্তর দিনাজপুরে ঘর গোছাচ্ছে বিজেপি

উত্তর দিনাজপুরে পুরসভা ও পঞ্চায়েত নির্বাচনের জন্য বিজেপি সংগঠনকে মজবুত করছে। নতুন ইনচার্জ নিয়োগ ও নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত পড়ুন।

পুরসভা ও পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ, উত্তর দিনাজপুরে ঘর গোছাচ্ছে বিজেপি
  • ২৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ইসলামপুর: রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর পুরসভা ও পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করেছে বিজেপি নেতৃত্ব। সংগঠনকে আরও মজবুত করতে উত্তর দিনাজপুর সাংগঠনিক জেলার আটটি বিধানসভা এলাকায় ইনচার্জ নিয়োগ করল দল। একই সঙ্গে ১৮টি শাখা সংগঠনেও ইনচার্জ নিয়োগ করা হয়েছে। বিজেপির সাংগঠনিক পরিভাষায় যাকে মোর্চা বলা হয়। গত বিধানসভা নির্বাচনে দলের পরাজিত প্রার্থীদের গুরুত্ব বৃদ্ধি করা হচ্ছে বলেও দলীয় সূত্রে জানা গিয়েছে। বিষয়টি রাজনৈতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে।

Advertisement

দলের জেলা সভাপতি নিমাই কবিরাজ বলেন, দলের সাংগঠনিক রীতি মেনে প্রতিটি বিধানসভা এলাকায় একজন করে ইনচার্জ নিয়োগ করা হয়েছে। ১৮টি সেলেও একজন করে ইনচার্জ করা হয়েছে। বিধানসভা ভিত্তিক বিভিন্ন কাজ কর্ম, সংগঠনের সুবিধা অসুবিধা তাঁরা‌ই দেখবেন।
রাজনৈতিক মহলের চর্চা, ইসলামপুর, গোয়ালপোখর ও চাকুলিয়া বিধানসভা  কেন্দ্রগুলি সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। ওই কেন্দ্রগুলিতে বিধানসভা নির্বাচনে গেরুয়া প্রার্থীরা জয়ী হতে পারেননি। ইসলামপুর শহরে পুরসভা নির্বাচন ও গ্রামাঞ্চলগুলিতে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এখন থেকে দল সংগঠনের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।
ইসলামপুর, গোয়লপোখর ও চাকুলিয়া প্রসঙ্গে দলের জেলা সভাপতি বলেন, অবশ্যই বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। যাঁরা নির্বাচনে দাঁড়িয়েছিলেন তাঁদের সামনে রেখে বিধানসভা ভিত্তিক একটি করে সমিতি গঠন করা হবে। সেই সমিতি সংগঠনকে মজবুত করার কাজে বিশেষ নজর দেবে।
স্থানীয়রা বলছেন, সংখ্যলঘু এলাকাগুলি তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল। কিন্তু তৃণমূল রাজ্যে ক্ষমতাচ্যুত হওয়ার ফলে তৃণমূলের বিধায়করা ঋতব্রত তৃণমূল শিবিরে যুক্ত হয়েছেন। এর ফলে সংগঠনের রাশ অনেকটাই আলগা হয়েছে। বিভিন্ন এলাকায় দলের প্রধান ও পঞ্চায়েত সমিতির সভাপতিদের বিরুদ্ধে অনাস্থার প্রস্তুতি নিচ্ছে দলের একাংশ। এই পরিস্থিতে আগামী নির্বাচনগুলিতে বিজেপি সুবিধা পাবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। চাকুলিয়া কেন্দ্রের নতুন ইনচার্জ হয়েছেন দলের জেলা কমিটির সহ সভাপতি সুরজিৎ সেন।  তিনি বলেন, আগামী  পুরসভা ও পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য রেখে ঘর গোছান ও  সংগঠনকে আরও মজবুত করার কাজ শুরু হয়েছে। সরকারি প্রকল্পের সুবিধা যাতে মানুষের কাছে পৌঁছয় সেজন্যই আমাদের বিধানসভা ভিত্তিক ইনচার্জ করা হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ