Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নির্বাচনে হামলা পাকাতে পারে এমন নামের তালিকা প্রস্তুত করছে বিজেপি

কোচবিহারকে সন্ত্রাস কবলিত এলাকা বলে দাবি করে প্রতিটি বুথ থেকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের নামের তালিকা সংগ্রহ করছে বিজেপি।

নির্বাচনে হামলা পাকাতে পারে এমন নামের তালিকা প্রস্তুত করছে বিজেপি
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সুকান্ত গঙ্গোপাধ্যায়, কোচবিহার: কোচবিহারকে সন্ত্রাস কবলিত এলাকা বলে দাবি করে প্রতিটি বুথ থেকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের নামের তালিকা সংগ্রহ করছে বিজেপি। নির্বাচন ঘোষণা হলেই সেই নামের তালিকা প্রয়োজনীয় জায়গায় তুলে দেওয়া হবে বলে দাবি পদ্ম শিবিরের স্থানীয় নেতৃত্বের। যাতে নির্বাচনের সময় কোনোভাবেই ওই দুষ্কৃতীরা প্রকাশ্যে আসতে না পারে। তাদের জেলে পাঠানোরও ব্যবস্থা করা হচ্ছে বলে বিজেপি সূত্রে খবর। শুধু তাই নয়, যেসমস্ত পুলিশ কর্মী,আধিকারিকরা তৃণমূলের হয়ে অতিসক্রিয় তাদেরও নামের তালিকা সংগ্রহ করা হচ্ছে। যদিও বিজেপির এই দাবিকে একেবারেই আমল দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। তারা বিষয়টিকে উড়িয়ে দিয়েছে। সেইসঙ্গে বিজেপিকে কটাক্ষ করতেও ছাড়েনি। তৃণমূলের দাবি, তারা ভয় কমানোর ওষুধ চাইতে সরাসরি বিজেপির পার্টি অফিসে গিয়ে হাজির হবে।

Advertisement

বিজেপির জেলা সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বলেন, নির্বাচন ঘোষণা হলেই দিনহাটা, সিতাইয়ের মতো অতি সন্ত্রাস কবলিত এলাকায় বিজেপি কি জিনিস তা তৃণমূল টের পাবে। শাসকদলের কারা এই সমস্ত কাজ করছে তার তালিকা সন্তর্পণে করা হচ্ছে। সমস্ত এলাকা থেকে তাদের নামের তালিকা সংগ্রহ করা হচ্ছে। নির্বাচন ঘোষণা হলে ওই দুষ্কৃতীরা জেলের ভিতরে থাকবে। প্রয়োজনে গৃহবন্দি থাকবে। পুলিশই সেটা করবে। প্রতিটি বুথে ৫-২০ জন করে দুষ্কৃতীর তালিকা তৈরি করা হচ্ছে। এরা সকলেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বা সন্ত্রাসকারী। অশান্তি এড়াতেই এটা করা হচ্ছে। পুলিশের মধ্যে যারা তৃণমূলের হয়ে অতি সক্রিয় তাদেরও তালিকা তৈরি হচ্ছে। তাদেরও সরানো হবে।

জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক কৌতুকের সুরে বলেন, এটা জানতে পেরে আমরা খুবই ভয় পেয়ে গিয়েছি! ভয় সারানোর কোনো ওষুধ আছে কি না সেটা বিজেপি পার্টি অফিসে গিয়ে চাইব।

উল্লেখ্য, কোচবিহার জেলায় বিগত নির্বাচনগুলিতে ব্যাপক গণ্ডগোল, মারপিট হয়েছে। অনেক ভোটারও মারা গিয়েছেন। গুলি, বোমার আঘাতে সেই সব মৃত্যুকে কেন্দ্র করে যথেষ্ট আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছিল।

Advertisement
সম্পর্কিত সংবাদ