Bartaman Logo
২০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

রাস্তা আটকে সভা নয়, ওন্দার ঘটনা থেকে শিক্ষা নিয়ে নির্দেশ বিজেপির

সাধারণ মানুষের ভোগান্তি হবে, এমন কর্মসূচি থেকে বিরত থাকার ব্যাপারে কর্মীদের নির্দেশ দিয়েছে বিজেপি নেতৃত্ব। ওন্দায় দু’ঘণ্টার বেশি সময় ধরে জঙ্গলমহলের ‘লাইফলাইন’ ১৪ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে মিছিল ও সভা করা হয়।

রাস্তা আটকে সভা নয়, ওন্দার ঘটনা থেকে শিক্ষা নিয়ে নির্দেশ বিজেপির
  • ২০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: সাধারণ মানুষের ভোগান্তি হবে, এমন কর্মসূচি থেকে বিরত থাকার ব্যাপারে কর্মীদের নির্দেশ দিয়েছে বিজেপি নেতৃত্ব। ওন্দায় দু’ঘণ্টার বেশি সময় ধরে জঙ্গলমহলের ‘লাইফলাইন’ ১৪ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে মিছিল ও সভা করা হয়। তারজন্য সাধারণ যাত্রী ও স্থানীয় বাসিন্দারা বিজেপির তীব্র সমালোচনা করেন। ওই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে রাজ্য বা জাতীয় সড়কের মতো গুরুত্বপূর্ণ রাস্তা অবরুদ্ধ করে দলীয় কর্মসূচি না করার ব্যাপারে কর্মীদের বলা হয়েছে। যদিও জেলা বিজেপি নেতৃত্ব বিষয়টি নিয়ে খুব বেশি উচ্চবাচ্য করতে চাইছে না। বিজেপি-র বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস বসু বলেন, সাধারণ মানুষের সমস্যা হয়, এমন কোনো কাজ আমরা সচরাচর করি না। ওন্দায় ছোটো জায়গার মধ্যে অনেক মহিলা জড়ো হওয়ার কারণে কিছুটা সমস্যা হয়েছিল। ভবিষ্যতে স্বেচ্ছাসেবক ও পুলিশকে ভিড় নিয়ন্ত্রণের জন্য বলা হবে।   

Advertisement

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ওন্দায় অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের সম্মান জ্ঞাপন সভার আয়োজন করা হয়। ওই কর্মসূচিতে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ উপস্থিত ছিলেন। দিলীপবাবু মিছিলে হাঁটবেন বলে সকাল ৯টা থেকে ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে জাতীয় সড়কে মহিলারা জমায়েত করেন। যদিও দিলীপবাবু বেলা সাড়ে ১১টা নাগাদ ওন্দায় পৌঁছান। ফলে দু’ঘণ্টার বেশি সময় ধরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পাঁচ মিনিটের রাস্তা পার হতে যাত্রীবাহী বাসের আধ ঘণ্টার বেশি সময় লাগে। জাতীয় সড়কে মিছিল করার পর পঞ্চায়েত মন্ত্রী ওন্দা বাজারে সভা করেন। সভায় আসা মহিলাদের ভিড় জাতীয় সড়কে চলে আসে। তারফলে ফের রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। বাসের পাশাপাশি অ্যাম্বুলেন্স, রোগী নিয়ে যাওয়া ছোটো গাড়ি এবং পণ্যবাহী যানবাহনের গতি স্তব্ধ হয়ে যায়। অ্যাম্বুলেন্সকে রাস্তা করে দিতে বিজেপি কর্মী ও পুলিশের কালঘাম ছুটে যায়।
ওইদিন ওন্দার বাসিন্দাদের একাংশ বিজেপি-র উপর চরম রুষ্ট হয়। দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হওয়ায় অন্নপূর্ণা যোজনার উপভোক্তারা প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন। ওন্দা থানার সামনে কীভাবে দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে রইল, তা নিয়েও প্রশ্ন ওঠে। 
জেলা বিজেপির এক নেতা বলেন, রাস্তা আটকে সভা করার জন্য আমরা আগে তৃণমূলের সমালোচনা করতাম। মানুষকে হয়রানিতে ফেললে ফল কী হতে পারে, তা আমরা জানি। এখন আমরা ক্ষমতায় রয়েছি। একই কাজ দলের নেতাদের একাংশ করছে। ওন্দার ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, তা সকলকে দেখতে হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ