Bartaman Logo
২ অক্টোবর, ২০২৬
বর্তমান / রাজ্য

বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, ফাটল পঞ্চায়েত সদস্যার স্বামীর মাথা

পদ পাওয়া নিয়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল। পঞ্চায়েতের প্রধানের পদ না পাওয়াকে কেন্দ্র করেই বিজেপির নেতাদের মধ্যেই হাতাহাতি হয় বলে অভিযোগ।

বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, ফাটল পঞ্চায়েত সদস্যার স্বামীর মাথা
  • ২ অক্টোবর, ২০২৬ ১৬:৩০
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: পদ পাওয়া নিয়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল। পঞ্চায়েতের প্রধানের পদ না পাওয়াকে কেন্দ্র করেই বিজেপির নেতাদের মধ্যেই হাতাহাতি হয় বলে অভিযোগ। সংঘর্ষে মাথা ফাটে এক বিজেপি পঞ্চায়েত সদস্যার স্বামীর। তাঁর নাম ধনেশ্বর রায়। ঘটনায় অভিযোগের তির উত্তর মন্ডলের সম্পাদক জয়ন্ত রায়-সহ মন্ডল সভাপতি সুভাষ রায়ের দিকে। 

Advertisement

ঘটনার সূত্রপাত আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনকে ঘিরে। বিজেপির সাধারণ সম্পাদক অতুলচন্দ্র রায় জানান, জয়ন্ত রায়ের স্ত্রী বর্তমানে ওই পঞ্চায়েতের উপপ্রধান পদে রয়েছেন। কিন্তু তাঁদের মূল লক্ষ্য ছিল প্রধানের পদটি দখল করা। অভিযোগ, বোর্ড গঠনের আগে প্রধান পদ নিশ্চিত করতে অতুলচন্দ্র রায়ের বাড়িতে গিয়ে ৫ হাজার টাকা দিয়েও এসেছিলেন জয়ন্ত রায়। কিন্তু শেষ পর্যন্ত প্রধানের পদ না পেয়ে আক্রোশ চরম আকার ধারণ করে। সেই আক্রোশের জেরেই গত বুধবার জয়ন্ত রায় অতুলচন্দ্র রায়ের বাইক আটকে দেয়। পরে সেটি পানবাড়ি ফাঁড়িতে জমা দেওয়া হয়। অভিযোগ, গত বৃহস্পতিবার রাতে জয়ন্ত রায় এবং সুভাষ রায় সদলবলে সাধারণ সম্পাদক অতুলচন্দ্র রায়ের বাড়িতে চড়াও হয়ে হামলা চালান। সেখানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্যার স্বামী ধনেশ্বর রায়। তিনি বাধা দিতে গেলে তাঁকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। যার জেরে তাঁর মাথা ফেটে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

এলাকায় গোষ্ঠী কোন্দলের এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র শোরগোল দেখা দিয়েছে। পঞ্চায়েত স্তরে কাটমানি ও পদ দখলের এমন বেনজির লড়াইয়ে অস্বস্তিতে জেলা বিজেপি নেতৃত্বও। তবে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন অভিযুক্ত জয়ন্ত রায়। সূত্রে খবর, আক্রান্তের পরিবারের তরফে পুলিশের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি চলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ