বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, প্রাক্তন বিধায়ককে হেনস্তায় ধৃত ৬
  • ১৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গোঘাটে সংঘর্ষের অভিযোগ উঠেছে। তাতে বিজেপির প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ কারককে হেনস্তা করা হয়েছে বলেও অভিযোগ। শুক্রবার রাতে গোঘাটের সাওড়ার এই ঘটনায় উত্তেজনা ছড়ায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দু’পক্ষই রাতেই গোঘাট থানায় অভিযোগ দায়ের করে। তার ভিত্তিতে মোট ছ’জনকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় কয়েকজন জখম হয়েছেন।  হুগলি গ্রামীণ পুলিশের এক আধিকারিক বলেন, দু’পক্ষের মধ্যে হাতাহাতি, ধস্তাধস্তি হয়। পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। 

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার সাওড়া পঞ্চায়েতে ভিবি জি রাম জি প্রকল্প নিয়ে প্রশাসন বৈঠক ডাকে। তাতে যোগ দেন গোঘাট ১-এর বিডিও সহ অন্য প্রশাসনিক আধিকারিকরা। সেই বৈঠকের খবর পেয়ে সেখানে যান গোঘাটের প্রাক্তন বিজেপি বিধায়ক তথা দলের রাজ্যের এগজিকিউটিভ মেম্বার বিশ্বনাথ কারক। বৈঠকের পর সাওড়া এলাকায় বিজেপির কর্মী, সমর্থকরা জমায়েত করেন। সেই সময় বিশ্বনাথবাবুকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। তাতেই দু’পক্ষ ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  
বিশ্বনাথবাবু বলেন, পঞ্চায়েতে জব কার্ডের বৈঠকের খবর পেয়ে যোগ দিই সেখানে। সবাই যেন ১২৫ দিনের কাজ পায় তা নিশ্চিত করার দাবি জানাই। দলের নির্দেশ মেনেই পার্টির নাম নিয়ে তোলাবাজির প্রতিবাদ জানিয়েছি। তাতেই হামলা হয়েছে। বৈঠক শেষে একটি চায়ের দোকানে বসি। সেখানেই গত ৪ মে-র ভোটের ফল প্রকাশের পর বিজেপিতে আসা ভোলানাথ ঘোষের নেতৃত্বে বেশ কিছু লোক হামলা চালায়। আমার জামার কলার ধরে হেনস্থা করে। নিরাপত্তা রক্ষীরা ছিল বলে বেঁচে গিয়েছি। থানায় অভিযোগ জানিয়েছি। ঘটনার কথা দলকেও জানিয়েছি। 
পাল্টা সাওড়ার বাসিন্দা ভোলানাথ ঘোষ বলেন, ২০১৯ সাল থেকে সক্রিয়ভাবে বিজেপি করছি। বুথের মানুষ ভালোবাসেন বলে প্রাক্তন বিধায়ক সেই আক্রোশ থেকে আমার নামে মিথ্যে অভিযোগ করছেন। ওইদিন বিশ্বনাথবাবু সাওড়া পঞ্চায়েতের বৈঠকে এসে তাঁর অনুগামীদের উস্কে দিয়ে গন্ডগোল পাকানোর চেষ্টা করেন। বৈঠকের পর আমাদের দু’জন কর্মীকে মারধর করা হয়। পরে আমরা তাঁর পরিকল্পনা জানতে গেলে আমাকে হেনস্থা করা হয়। মোবাইল পড়ে গিয়ে ভেঙে যায়। প্রাক্তন বিধায়কের নিরাপত্তা রক্ষী থাকে। আমরা তাঁর উপর কীভাবে হামলা করব? দল ক্ষমতায় আসার আগে বিশ্বনাথবাবুকে দলীয় কর্মসূচিতে দেখা যায়নি। এখন তিনি প্রচারে আসতে চাইছেন।
বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার বলেন, দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব নেই। গন্ডগোলের ব্যাপারে পুলিশ বিষয়টি দেখছে। যারা গ্রেপ্তার হয়েছে তারা তৃণমূলের লোক। 
যদিও ধৃতরা প্রাক্তন বিধায়ক বিশ্বনাথবাবুর অনুগামী বলে দাবি তাঁর। তৃণমূলের অবশ্য কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সিপিএমের হুগলি জেলা কমিটির সদস্য পূর্ণেন্দু চট্টোপাধ্যায় বলেন, বিজেপির কোন্দলের জন্যই এলাকায় অশান্তি ছড়াচ্ছে।