Bartaman Logo
৯ জুন, ২০২৬

পাকিস্তানের সুরে কথা, রাহুল গান্ধীকে পালটা নিশানা বিজেপির

বুধবার উত্তরপ্রদেশের রায়বেরিলিতে দলের এক কর্মিসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘বিশ্বাসঘাতক’ বলে কটাক্ষ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

পাকিস্তানের সুরে কথা, রাহুল গান্ধীকে পালটা নিশানা বিজেপির
  • ২১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বুধবার উত্তরপ্রদেশের রায়বেরিলিতে দলের এক কর্মিসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘বিশ্বাসঘাতক’ বলে কটাক্ষ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিষয়টি সামনে আসতেই পালটা আক্রমণ শানাল গেরুয়া শিবির। বিজেপির বক্তব্য, পাকিস্তান ও পাক সমর্থিত জঙ্গিগোষ্ঠী যেভাবে কথা বলে, ঠিক সেই ভাষাতেই কথা বলছেন রাহুল গান্ধী। 

Advertisement

এদিনের কর্মিসভায় বক্তব‌্য রাখতে গিয়ে রাহুল বলেন, ‘আপনারা যখন বাড়ি ফিরবেন, যখন এই আরএসএস কর্মীরা আপনাদের কাছে আসবে। নরেন্দ্র মোদি ও অমিত শাহকে নিয়ে কথা বলবে। তখন তাঁদের মুখের উপর বলবেন, আপনাদের প্রধানমন্ত্রী বিশ্বাসঘাতক। আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বাসঘাতক। আপনাদের সংগঠনও বিশ্বাসঘাতক। আপনারা ভারতকে বিক্রি করার কাজ করছেন। আমাদের সংবিধান, বি আর আম্বেদকর ও মহাত্মা গান্ধীর উপর আক্রমণ চালিয়েছেন আপনারা।’
কংগ্রেস সাংসদের এই বক্তব্য সামনে আসতেই প্রতিবাদে সরব হয় বিজেপি। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেন, শত্রুদেশের মতো কথা বলছেন রাহুল গান্ধী। আসলে দেশে অশান্তি বাধাতে চান কংগ্রেস নেতা। কিন্তু তাঁর মাথায় রাখা উচিত যে, এই দেশের মানুষ ও যুবসমাজ নরেন্দ্র মোদি ও অমিত শাহর সঙ্গে রয়েছেন। বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারীর কটাক্ষ, রাহুল গান্ধীর এই মন্তব্য গণতন্ত্রের জন্য অপমানজনক। ১৪০ কোটি ভারতবাসীকে বিশ্বাসঘাতক হিসাবে দাগিয়ে দিচ্ছেন তিনি। পাকিস্তান ও জঙ্গিদের সুরেই কথা বলছেন কংগ্রেস নেতা। বিজেপি সভাপতি নীতীন নবীন বলেছেন, রাহুল গান্ধীর মন্তব্য খুবই দুর্ভাগ্যজনক। এতে তাঁর অরাজক ও বিভেদকামী মানসিকতারই প্রতিফলন ঘটেছে। এই ধরনের মন্তব্য কোনওভাবেই মেনে নেওয়া যায় না। ভোটে লাগাতার হারের হতাশা ও নৈরাশ্যই এই মন্তব্যে ফুটে উঠেছে।  রাহুল গান্ধীকে যুবরাজ কটাক্ষ করে অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

সম্পর্কিত সংবাদ