Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শিকে ছিঁড়ল না শ্রীরূপার, আস্থা অম্লানের উপরে, ঘোষণা ইসলামপুর-হেমতাবাদের প্রার্থীও

শেষপর্যন্ত শিকে ছিঁড়ল না শ্রীরূপা মিত্র চৌধুরীর। ইংলিশবাজার কেন্দ্রে বিজেপি আস্থা রাখল অম্লান ভাদুড়ির উপর।

শিকে ছিঁড়ল না শ্রীরূপার, আস্থা অম্লানের উপরে, ঘোষণা ইসলামপুর-হেমতাবাদের প্রার্থীও
  • ২৬ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ ও রায়গঞ্জ: শেষপর্যন্ত শিকে ছিঁড়ল না শ্রীরূপা মিত্র চৌধুরীর। ইংলিশবাজার কেন্দ্রে বিজেপি আস্থা রাখল অম্লান ভাদুড়ির উপর। বুধবার সন্ধ্যায় বিজেপির তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশিত হয়। তাতে মালদহের ইংলিশবাজার বিধানসভা কেন্দ্র সহ ১৯টি কেন্দ্রের প্রার্থীর নাম  প্রকাশিত হয়।

Advertisement

অম্লানের রাজনীতিতে হাতেখড়ি বিজেপিতেই। মাঝে ২০১০ সালে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করে দলের মালদহ জেলা যুব সভাপতির দায়িত্ব সামলান। এরপর একুশের বিধানসভা ভোটের মুখে ফের তিনি বিজেপিতে ফিরে আসেন। পরের বছর পুরসভা ভোটে ইংলিশবাজার পুরসভার ১১ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত হন। বর্তমানে তিনি পুরসভার বিরোধী দলনেতা। 
এদিন প্রার্থী তালিকা প্রকাশিত হতেই আনন্দে মেতে ওঠেন অম্লানের অনুগামীরা। এর আগে বিজেপির দু’টি প্রার্থী তালিকা প্রকাশিত হয়। প্রথম প্রার্থী তালিকায় মালদহের ১২টির মধ্যে ন’টি এবং দ্বিতীয় তালিকায় মালদহের আরও দু’টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপি। কিন্তু ইংলিশবাজার কেন্দ্রের প্রার্থী নিয়ে জট কাটেনি। বিদায়ী বিধায়ক শ্রীরূপা যে ইংলিশবাজার কেন্দ্র থেকে টিকিট পাচ্ছেন না, তা আঁচ করেছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিজেপির মালদহ জেলা কমিটির রিপোর্ট, দলের কেন্দ্রীয় কমিটির ছ’টি সার্ভে রিপোর্ট এবং গোপন ব্যালটে ভোটেও শ্রীরূপার নাম প্রস্তাবিত হয়নি বলে বিজেপি সূত্রে খবর। বিধায়ক হয়ে পাঁচ বছর ইংলিশবাজারে শ্রীরূপাকে কার্যত পাওয়াই যায়নি বলে কম অভিযোগ ওঠেনি। তাঁর নামে শহরের একাধিকবার ‘নিখোঁজ’ পোস্টার পড়তেও দেখা যায়। শ্রীরূপার অনুপস্থিত নিয়ে বারবার বিরোধীদের আক্রমণের মুখে পড়তে হয়েছিল  বিজেপিকে। 
শেষপর্যন্ত অপেক্ষার অবসান হল উত্তর দিনাজপুর জেলাতেও। এই জেলার বাকি দুই বিধানসভা আসন ইসলামপুর ও হেমতাবাদে প্রার্থী ঘোষণা বাকি ছিল। এদিন দুই আসনের প্রার্থী ঘোষণা করে বিজেপি। দু’জনেই স্কুল শিক্ষক। হেমতাবাদে প্রার্থী হয়েছেন শুশিহার জুনিয়র হাইস্কুলের শিক্ষক হরিপদ বর্মণ। ইসলামপুরের প্রার্থী জগৎগাঁও হাইস্কুলের  শিক্ষক চিত্রজিৎ রায় ওরফে পাখি। দু’জনেই এদিন প্রার্থী পদ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কর্মীরাও উৎসাহিত। হরিপদ জেলা বিজেপির সোশ্যাল মিডিয়ার ইনচার্জের দায়িত্বে থাকার পাশাপাশি হেমতাবাদ বিধানসভায় দলের কনভেনারের পদ সামলাচ্ছিলেন। প্রার্থী হিসেবে নাম ঘোষণা হতেই দলীয় নেতাকর্মীরা তাঁকে ঘিরে আনন্দে মেতে ওঠেন। অন্যদিকে, ইসলামপুর টাউন মণ্ডল সভাপতির দায়িত্বে থাকা চিত্রজিৎ রায় ওরফে পাখি প্রার্থী হওয়ার পর ইসলামপুর বিধানসভার কর্মীরা তাঁকে গেরুয়া আবির মাখিয়ে শুভেচ্ছা জানান।

Advertisement
সম্পর্কিত সংবাদ