Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মেদিনীপুরে এখনও গা ঝাড়া দিয়ে উঠতে পারেনি বিজেপি, বিধানসভা এলাকা ছেয়েছে ঘাসফুলে

হাতে আর একমাসও নেই। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের গ্রামাঞ্চল তো দূরের কথা, মেদিনীপুর শহরেই এখনও সেভাবে প্রচারে নামতে পারল না বিজেপি।

মেদিনীপুরে এখনও গা ঝাড়া দিয়ে উঠতে পারেনি বিজেপি, বিধানসভা এলাকা ছেয়েছে ঘাসফুলে
  • ২৮ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মেদিনীপুর: হাতে আর একমাসও নেই। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের গ্রামাঞ্চল তো দূরের কথা, মেদিনীপুর শহরেই এখনও সেভাবে প্রচারে নামতে পারল না বিজেপি। তৃণমূল প্রার্থীর নাম অনেক দিন আগেই ঘোষণা হয়ে গিয়েছে। উপ নির্বাচনে জয়ী সুজয় হাজরাই এবারও তৃণমূল প্রার্থী। দু’ দিন আগে বিজেপি তাদের প্রার্থী ঘোষণা করে। দলের ভেতর গুঞ্জন, সেই প্রার্থী নিয়ে আবার মান অভিমানও আছে। দলের  কারও কারও মতে তাই হয়তো এখনও সেভাবে বিজেপি প্রচারে নামতে পারেনি। প্রচারে নামতে না পারার কারণ হিসেবে অবশ্য রামনবমীকেই ঢাল করা হচ্ছে। মেদিনীপুর শহরে সেই ছবি অনেকটাই স্পষ্ট। মান অভিমান কাটিয়ে সবাইকে নিয়ে ভোট করতে নামাই এখন বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইতের কাছে বড় চ্যালেঞ্জ। গত লোকসভা ভোটে মাত্র দু’ হাজারে জেতা এই আসনকে অবশ্য চ্যালেঞ্জ হিসেবে দেখছে না তৃণমূল। তারা জয় সম্পর্কে নিশ্চিত। সেই নির্বাচনে এগিয়ে থাকা শহরে এখনও প্রচারে সেভাবে নামতে না পারলেও বিজেপির দাবি এবার তারা জয় পাবেই। 

Advertisement

মেদিনীপুর শহরের ২৫টি ওয়ার্ডের বেশির ভাগ এলাকাতেই বিজেপির প্রচার সেভাবে চোখে পড়ল না। শুক্রবার শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেল সর্বত্র তৃণমূলের পতাকায় ছেয়ে গিয়েছে। দলীয় প্রার্থীর নামে দেওয়াল লেখাও হয়েছে সব এালকাতেই। পরিবর্তনের ডাক দেওয়া বিজেপির কিছু পোস্টার ও দেওয়াল লেখা ছড়িয়ে ছিটিয়ে আছে ঠিকই, কিন্তু বিজেপি প্রার্থীর নামে দেওয়াল লেখা তো দূরের কথা, বেশিরভাগ এলাকাতেই দলের পতাকাও চোখে পড়ল না। কর্মীদের মধ্যে সেরকম কোনো উত্তাপও নেই।  
জানা গিয়েছে, বিজেপির অনেকেই প্রার্থীপদের দাবিদার ছিলেন। শিকে ছেঁড়ার আশায় দিন গুনছিলেন তারা। কিন্তু শেষমেশ শঙ্কর গুছাইতের ভাগ্যে শিকে ছেঁড়ে। দলের একটি সূত্রে খবর অনেকেই মেনে নিতে পারছে না। ফলে একটা মান অভিমান, ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে। ওই নেতা বলেন, দীর্ঘ দিন ধরে যারা পার্টিটা করছে, তাদের অনেকের একটা আশা ছিল। স্বাভাবিক নিয়মে ক্ষোভ তো থাকবেই। তবে একটা সময় আসবে, সবাই প্রচারে নেমে যাবে। 
প্রার্থী অবশ্য ক্ষোভ বিক্ষোভের কথা মানতে নারাজ। শঙ্করবাবু বলেন, কোনো ক্ষোভ বিক্ষোভ  নেই। সবাই প্রচারে নেমেছেন। তাঁর দাবি, অনেক আগে থেকেই দেওয়াল লেখা শুরু হয়ে গিয়েছে। শহরে প্রচার চলছে। গ্রামেও প্রচার শুরু হয়ে গিয়েছে। দলের মুখপাত্র অরূপ দাস বলেন, দল প্রার্থী করেছে সবাই প্রচারে বেরোবে। এখন সবাই রামনবমী নিয়ে ব্যস্ত। কোনো মান অভিমান নেই। অনেক দিন পর তৃণমূলকে হারানোর একটা সময় এসেছে। মহিলা তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর শহর সভানেত্রী মৌ রায় বলেন, ওরা প্রচারে নামছে কি না, সেটা ওদের দলের ব্যাপার। শহর, গ্রাম সর্বত্রই আমাদের প্রচার চলছে। যেভাবে সাড়া পাচ্ছি জয় আমাদের নিশ্চিত। 
 মেদিনীপুরের চিড়িমারসাই এলাকায় রামনবমী পুজোর যজ্ঞে তৃণমূল প্রার্থী সুজয় হাজরা।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ