কলকাতা, ২৮ অক্টোবর: বিজেপিকে সাম্প্রদায়িক দল বলে বিরোধীরা যে দাগিয়ে দেওয়ার চেষ্টা করে তার জবাব রেজিনগরের মানুষ দিয়েছেন। আজ বিধানসভায় বিজেপির দুই নতুন বিধায়কের শপথগ্রহন অনুষ্ঠানে এই কথা বলে বিরোধীদের কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন শপথ নিলেন পুজোর আগেই উপনির্বাচনে নন্দীগ্রাম থেকে জেতা বিজেপির হাসিরানী রথ ও রেজিনগর থেকে জেতা শাখারভ সরকার। মুখ্যমন্ত্রী জানান, রেজিনগর মূলতঃ সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল। যেখানে তিনশো বুথের মধ্যে মাত্র একশো বুথে হিন্দু ভোটার বেশি। আর এই কেন্দ্রে বিজেপির শাখারভ সরকার জিতেছেন প্রায় ৭৫ হাজার ভোটে। তিনি আরও জানান, এই এলাকায় ৭০ হাজার মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পান। যার মধ্যে ৩৫ হাজার মহিলা সংখ্যালঘু। মুখ্যমন্ত্রীর বলেন, আমরা সনাতনী, সানন্দে টিকা লাগাই কিন্তু সরকার বা প্রশাসন চালানোর ক্ষেত্রে কোন বৈষম্য করি না।
এদিন বিজেপির দুই বিধায়ক শপথ নেওয়ায় বিধানসভায় তাদের সংখ্যা ২০৭ থেকে বেড়ে হল ২০৯। উপনির্বাচনে জয়ী দুই বিধায়ককে আজ শপথ বাক্য পাঠ করান বিধানসভার স্পিকার রথীন বসু। দুই বিধায়ককে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। এরপর বিধানসভায় তিনি বলেন, ৬ মাসেই সরকার যে মানুষের আস্থা অর্জন করতে পেরেছে উপনির্বাচনের ফলেই তা প্রমাণিত। নবনির্বাচিত দুই বিধায়কদের শুভেচ্ছা জানান বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।



