গাইঘাটায় ব্যক্তিগত বিবাদের জেরে গলার নলি কেটে কুপিয়ে খুনের অভিযোগ, আটক অভিযুক্ত
  • ২৮ অক্টোবর, ২০২৬ ১৪:৫৫
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: ফের শিরোনামে গাইঘাটা। এবার এক ব্যক্তিকে গলার নলি কেটে কুপিয়ে খুন কারার অভিযোগ উঠে এল গাইঘাটায়। মৃতের নাম বাসুদেব দাস। বয়স প্রায় ৪০। শরীরে একাধিক আঘাতের চিহ্নও রয়েছে বলে জানায় পুলিশ।  জানা গিয়েছে ঝাউডাঙা পঞ্চায়েত এর প্রাক্তন সদস্যের স্বামী তিনি। ঘটনাটি ঘটেছে গাইঘাটা বর্ণবেরিয়া রাজবংশী পাড়ায়। এই ঘটনায় নাড়ুগোপাল বিশ্বাস নামক এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

Advertisement

স্থানীয় সূত্রের খবর, বাসুদেবের বাড়ি গাইঘাটার ঝাউডাঙা গ্রাম পঞ্চায়েতের নোরাদহ গ্রামে। অন্যদিকে, অভিযুক্ত নারুগোপালের বাড়ি পাশের গ্রামেই। সূত্রের দাবি, নাড়ুগোপালের স্ত্রীর সঙ্গে বাসুদেবের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল বলে অভিযোগ। সেই বিষয়কে কেন্দ্র করে দু'জনের মধ্যে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল বলে জানা গিয়েছে। যদিও এই অভিযোগের সত্যতা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। আরও জানা গিয়েছে, নাড়ুগোপালের বাড়ির পাশে একটি জমি লিজ নিয়ে জবা ফুলের চাষ করতেন বাসুদেব। সেই জমিতে যাতায়াতের সময় নাড়ুগোপালের স্ত্রীর সঙ্গে তাঁর কথাবার্তা হত বলে দাবি। এই বিষয়টি নিয়েও দু'জনের মধ্যে বিবাদ বাড়ছিল । অভিযোগ, বুধবার সকালে সেই বিবাদের জেরেই বাসুদেবের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। তাঁর গলায় এবং দুই হাতে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। শরীরের বিভিন্ন অংশেও একাধিক ক্ষত ছিল বলে জানা গিয়েছে। মৃত বাসুদেবের স্ত্রী এর আগে পাঁচ বছর তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য হিসেবে দায়িত্ব সামলেছেন বলে স্থানীয় সূত্রে খবর। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এই ঘটনায় নাড়ুগোপাল বিশ্বাসকে আটক করা হয়েছে। খুনের প্রকৃত কারণ কী, কীভাবে এই ঘটনা ঘটল এবং এর নেপথ্যে ব্যক্তিগত বিবাদই দায়ী কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।