নিজস্ব প্রতিনিধি কলকাতা: উচ্চ প্রাথমিকে ১৬০০ অতিরিক্ত শূন্যপদ বা সুপার নিউমেরারি পদ তৈরি করেছিল পূর্বতন তৃণমূল সরকার। নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে ওই পদ তৈরি করা হয়েছিল। এবার সেই সংক্রান্ত বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নিল রাজ্যের নতুন বিজেপি সরকার। বুধবার রাজ্যের তরফে হাইকোর্টে সে-কথাই জানানো হয়েছে। ফলে মমতা সরকারের তৈরি পদগুলি বাতিল হয়ে গেল। উচ্চ প্রাথমিকে শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা বিষয়ে ওয়েটিং লিস্ট থেকে নিয়োগ করতে চেয়ে ১৬০০ অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছিল। নিয়োগ সংক্রান্ত জটিলতা কাটাতে তৎকালীন মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিয়েছিল। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছিল ২০২২ সালের ১৯ মে এবং ১৪ অক্টোবর। কিন্তু বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গল বেঞ্চ রাজ্যের সিদ্ধান্ত খারিজ করে দেয়। আদালত জানিয়েছিল, বিশেষ পরিস্থিতি ছাড়া নিয়মিত নিয়োগের মতো সুপার নিউমেরারি পদ তৈরি করা যায় না। বিচারপতি বসুর বেঞ্চের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রাজ্য ডিভিশন বেঞ্চে মামলা করে তৎকালীন সরকার। বুধবার বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে সেই মামলার শুনানি ছিল। নতুন সরকারের তরফে এদিন জানানো হয়েছে, নিয়োগের ক্ষেত্রে আগের সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী তারা এগোবে না। ওই দুটি বিজ্ঞপ্তিই রাজ্য প্রত্যাহার করে নিচ্ছে। দুর্নীতির অভিযোগে স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। এর ফলে ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি যায়। এই সংক্রান্ত মামলাতেই রাজ্যের অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্তে তখন হস্তক্ষেপ করেনি শীর্ষ আদালত। সেই নির্দেশ দেখিয়ে হাইকোর্টে আবেদন করেছিল মমতার সরকার। তা খারিজ হয়ে যায়। উচ্চ প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে নতুন সরকার এখন কোন পথে হাঁটে সেদিকেই নজর থাকবে।



