Bartaman Logo
৭ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

তোলাবাজি ঘিরে রহড়ায় বিজেপির গোষ্ঠী সংঘর্ষ, স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে বোমা, জখম ১, আতঙ্কে চিকিৎসক, রোগীরা

তোলাবাজির পাশাপাশি বিজেপিতে তৃণমূলীকরণ। সোমবার রাতে এই দুই অভিযোগে বিজেপির গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল রহড়ার বন্দিপুর।

তোলাবাজি ঘিরে রহড়ায় বিজেপির গোষ্ঠী সংঘর্ষ, স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে বোমা, জখম ১, আতঙ্কে চিকিৎসক, রোগীরা
  • ৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: তোলাবাজির পাশাপাশি বিজেপিতে তৃণমূলীকরণ। সোমবার রাতে এই দুই অভিযোগে বিজেপির গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল রহড়ার বন্দিপুর। দু’পক্ষের দফায় দফায় মারপিটের পাশাপাশি পাতুলিয়া স্বাস্থ্যকেন্দ্রের ইমার্জেন্সির সামনে সংঘর্ষ ও বোমাবাজির ঘটনাও ঘটে। এই ঘটনায় দু’পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা সংকটজনক। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে বিজেপির এক গোষ্ঠী রহড়া থানায় রাতভর বিক্ষোভ দেখান। পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্রের নার্স, চিকিৎসক ও রোগীদের পরিবারের সদস্যরাও পুলিশের সামনে ক্ষোভে ফেটে পড়েন। পুলিশ ইতিমধ্যেই ইন্দ্রনীল দাস নামের এক বিজেপি নেতা সহ ছ’জনকে গ্রেপ্তার করেছে।

Advertisement

বেশ কিছুদিন ধরেই খড়দহ বিধানসভার রহড়া এলাকায় বিজেপির গোষ্ঠীকোন্দল মারাত্মক আকার নিয়েছে। অভিযোগ, পাতুলিয়ায় বিজেপির একাংশ তৃণমূলের তোলাবাজদের সঙ্গে নিয়ে আগের মতো তোলাবাজি চালাচ্ছে। যা নিয়ে সোচ্চার দলের অন্য অংশ। অভিযোগ ও পালটা অভিযোগকে ঘিরে বেশ কিছুদিন ধরেই দু’পক্ষের মধ্যে চাপানউতোর চলছিল। ঝিল থেকে তোলাবাজিকে কেন্দ্র করে সোমবার রাতে বন্দিপুরের ঠাকুর কলোনি এলাকায় দু’পক্ষ সংঘর্ষে জড়ায়। এই ঘটনায় দু’পক্ষেরই বেশ কয়েকজন আহত হন। এরপর উভয়পক্ষের লোকজন স্থানীয় বন্দিপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করাতে যায়। অভিযোগ, সেখানে স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগের সামনে ফের দু’পক্ষ সংঘর্ষে জড়ায়। ব্যাপক মারপিট হয়। আতঙ্কে ইমার্জেন্সির গেট বন্ধ করে দেন চিকিৎসক ও নার্সরা। সেই সময় স্বাস্থ্যকেন্দ্রের মধ্যেই বোমাবাজি করা হয়। কেঁপে ওঠে গোটা চত্বর। ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। বোমার স্প্লিন্টার লাগায় একজনের পা গুরুতর জখম হয়। পরে রহড়া থানার বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে পুলিশ আটক করেছে। পরে একপক্ষ রহড়া থানায় গিয়ে বিক্ষোভ দেখায়। রাতে আশিস চক্রবর্তী নামের এক তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর করা হয়। সোমা ঘোষ নামে এক বিজেপি কর্মী বলেন, ইন্দ্রনীল দাস বিজেপির নেতা সেজে এলাকায় তোলাবাজি করছে। যারা তৃণমূলের হয়ে লুটতরাজ চালাত, তাদেরই বিজেপিতে আশ্রয় দিয়ে দলের ভাবমূর্তি নষ্ট করছে একাংশ। আশিসকে সঙ্গে নিয়েই আমাদের উপর হামলা চালানো হয়েছে। ইন্দ্রনীল দাস পালটা বলেন, ওই গোষ্ঠীর এক নেতা এলাকায় একটি ফিশারি থেকে প্রতি মাসে তোলা তুলছে। দলের ভাবমূর্তি নষ্ট হওয়ায় ফোন করে তাঁকে তোলাবাজি বন্ধ করতে বলেছিলাম। তাই আমাদের উপর হামলা করা হয়েছে। বিজেপির কলকাতা উত্তর শহরতলি জেলার সভাপতি চণ্ডীচরণ রায় বলেন, গণ্ডগোলের খবর শুনেছি। পুলিশ তদন্ত করছে। আইন অনুযায়ী তারা পদক্ষেপ করবে।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ