নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ক্যানিং হাসপাতালের বাইরে রোগীদের আত্মীয়দের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত প্রতীক্ষালয়টি এতদিন গায়ের জোরে দখল করে রেখেছিল বিজেপি। সেটি পুনরুদ্ধার করে আগের চেহারায় ফেরাতে সচেষ্ট হয়েছে প্রশাসন।

গত বিধানসভা ভোটের ঠিক আগে স্থানীয় বিধায়ক ও সাংসদ তহবিলের টাকায় এটি নির্মিত হয়েছিল। অভিযোগ, পালাবদলের পর প্রতীক্ষালয়টি দখল করে বিজেপির অফিস বানানো হয়েছিল। এটি পুনরুদ্ধারের দাবি জানিয়ে মামলা করেছিলেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। আদালত প্রতীক্ষালয়টিকে আগের চেহারায় ফিরিয়ে দিতে নির্দেশ দেয়। তারপরও কেটে গিয়েছে এক মাসের বেশি সময়। তাও ওই নির্দেশ কার্যকর করেনি প্রশাসন। অগত্যা নির্দেশ লঙ্ঘনের অভিযোগে ফের মামলা করেন বিধায়ক। তারপর টনক নড়ে প্রশাসনের। বৃহস্পতিবার প্রতীক্ষালয়টিকে আগের চেহারায় ফেরানোর কাজ শুরু হয়েছে। জানা গিয়েছে, সেই ঘরের দেওয়াল থেকে বিজেপির পতাকা খুলে ফেলা হয়েছে। মোছা হয়েছে পদ্ম চিহ্ন। আশা করা হচ্ছে, এবার প্রতীক্ষালয়ে আবার রোগীর আত্মীয়রা বিশ্রাম করার সুযোগ পাবেন। আদালত নির্দেশ দিলেও তা কার্যকর করতে কেন গড়িমসি করছিল ব্লক ও মহকুমা প্রশাসন? এ নিয়ে প্রশ্ন উঠেছে। বিধায়ক বলেন, আমরা যে সঠিক, তা আদালত আগেই নির্দেশ দিয়ে প্রমাণ করেছিল। তাও প্রশাসন ওই নির্দেশ মানতে টালবাহানা করছিল। ফের মামলা করতেই নড়েচড়ে বসেছে।