শৌচালয়ের টাকা তোলাকে কেন্দ্র  করে বিজেপির সংঘর্ষ, গ্রেপ্তার ১
  • ৩০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পে অ্যান্ড ইউজ শৌচালয়ের টাকা তোলাকে কেন্দ্র করে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের ঘটনা ঘটল গার্ডেনরিচে। সম্প্রতি রামনগর এলাকায় এই বিষয়কে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। এই ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় বিজেপি কর্মী রোহিতকুমার সিংকে গ্রেপ্তার করেছে গার্ডেনরিচ থানা।

Advertisement

বিজেপি নেত্রী ববিতা ঝায়ের অভিযোগ, রামনগর এলাকায় একটি পে অ্যান্ড ইউজ শৌচালয়ে পাবলিকের থেকে জোর করে বেশি টাকা নেওয়া হচ্ছে। তাঁর নাম করে এলাকার বাসিন্দাদের কাছ থেকে টাকা তুলছে রোহিতকুমার সিং ও তাঁর দলবল। এমনকি, ব্যবসায়ীদের থেকেও তাঁর নাম করে মোটা টাকা তোলা চাওয়া হয়েছে বলে অভিযোগ। বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করেন তিনি। অভিযোগ, এরপরই ববিতা ঝায়ের উপর চড়াও হয় রোহিত ও তার সঙ্গীরা। তাঁকে মারধরের পাশাপাশি শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। এই ঘটনায় গার্ডেনরিচ থানায় অভিযোগ দায়ের করেন ববিতা। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বিজেপি কর্মী রোহিতকুমার সিংকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই ঘটনায় জড়িত অন্যান্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। শৌচালয়ের টাকা আদায়কে কেন্দ্র করে বিজেপির দুই গোষ্ঠীর বিবাদকে ঘিরে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।