Bartaman Logo
১০ জুন, ২০২৬

যুদ্ধ আবহে বিধানসভা ভোটের কথা ভুললে চলবে না, রাজ্য কমিটিগুলিকে নির্দেশ কেন্দ্রীয় বিজেপির

যুদ্ধ আবহে বিধানসভা ভোটের কথা ভুললে চলবে না, রাজ্য কমিটিগুলিকে নির্দেশ কেন্দ্রীয় বিজেপির
  • ১৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সীমান্ত পরিস্থিতি যাই হোক, রাজ্যে রাজ্যে বিধানসভা ভোটের কথা ভুললে চলবে না। মুখোমুখি বৈঠকে না বসতে পারলে নিয়মিত ভার্চুয়াল মিটিংয়ে বসুন। সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করে রিপোর্ট দিন। দলের বিভিন্ন রাজ্য কমিটিকে এমনই নির্দেশ দিয়েছে বিজেপির কেন্দ্রীয় পার্টি। বৃহস্পতিবার দলীয় সূত্রে এই খবর জানানো হয়েছে। সামগ্রিক বিষয়টিকে রীতিমতো উল্লেখযোগ্য বলেই মনে করছে রাজনৈতিক তথ্যাভিজ্ঞ মহল। 

Advertisement

দলের অন্দরের ব্যাখ্যা, ভারত-পাক সংঘাতের আবহে বিজেপি প্রাসঙ্গিক কিছু কর্মসূচি নিচ্ছে। কিন্তু ভোটমুখী রাজ্যগুলিতে দলের সাংগঠনিক পরিস্থিতি ঠিক কী পর্যায়ে আছে, তা নিয়ে সেভাবে দলীয় স্তরে বৈঠক হচ্ছে না। এই প্রেক্ষিতেই নিদেনপক্ষে ভার্চুয়াল বৈঠকের উপর জোর দিচ্ছে দলের কেন্দ্রীয় পার্টি। বিজেপি নেতাদের একাংশ বলছে, ‘অপারেশন সিন্দুর’-এর সাফল্যের পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। এবার পর্যায়ভিত্তিতে দলের সাংগঠনিক কাজকর্মের দিকেও নজর দেওয়া প্রয়োজন। কেন্দ্রীয় পার্টি প্রধানত সেটিই করতে চেয়েছে। 
চলতি বছরেই বিহার বিধানসভা ভোট। আগামী বছর পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, অসমের মতো রাজ্যে গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন রয়েছে। ফলে হাতে সময়ও আর বিশেষ নেই। এই পরিস্থিতিতে দলের সাংগঠনিক হালহকিত নিয়ে এবার তেড়েফুঁড়ে নামতে চাইছে গেরুয়া শিবির। শুধু তাই নয়, রাজ্যে রাজ্যে দলের সাংগঠনিক প্রস্তুতির সঙ্গে ‘অপারেশন সিন্দুর’কে জুড়তে কোমর বাঁধছে বিজেপি। এই ইস্যুতে ভর দিয়েই বিভিন্ন রাজ্যে নির্বাচনী বৈতরণী পার করার উপায় খুঁজছে গেরুয়া শিবির। সেইমতো সাজানো হচ্ছে রণকৌশল।

Advertisement
সম্পর্কিত সংবাদ