সংবাদদাতা, বনগাঁ: পঞ্চায়েত নির্বাচনে ভোট লুট, বিজেপির মহিলা প্রার্থীর শ্লীলতাহানি, অস্ত্র দেখিয়ে মারধর ও ছিনতাইয়ের অভিযোগে পুলিশ গ্রেপ্তার করল বনগাঁ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জাফর আলি মণ্ডলকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে কলকাতার একটি আবাসন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার ধৃতকে বনগাঁ আদালতে তোলা হলে বিচারক দু’দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন। সম্প্রতি বনগাঁ ব্লকের গঙ্গানন্দপুরের বাসিন্দা ব্রজগোপাল দেবনাথ জাফরের বিরুদ্ধে গোপালনগর থানায় অভিযোগ করেন। তাঁর অভিযোগ, গত পঞ্চায়েত নির্বাচনে স্ত্রী রাখি দেবনাথ বিজেপির প্রার্থী হয়েছিলেন। সেই সময় জাফর মণ্ডলের নেতৃত্বে তৃণমূলের দুষ্কৃতীরা ভোট লুট করে। জাফর ও তাঁর সহযোগীরা বিজেপি প্রার্থীর উপর হামলা চালায়। আগ্নেয়াস্ত্র দেখিয়ে গয়না ও নগদ টাকা ছিনতাই করে। এমনকি, বিজেপি প্রার্থীকে শ্লীলতাহানি করে বলেও অভিযোগ প্রার্থীর স্বামীর। ঘটনার তদন্তে নেমে এদিন পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জাফর মণ্ডলের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, দল ক্ষমতায় থাকাকালীন এলাকায় ত্রাস হয়ে উঠেছিলেন তিনি। সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণ, অন্যের সম্পত্তি দখল সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বনগাঁ মার্কেটিং সোসাইটির পরিচালন সমিতির পদে থেকে একাধিক দুর্নীতি করেছেন। সমবায় সমিতির জমি দখল করে বিক্রি করেছেন। গঙ্গানন্দপুর পঞ্চায়েত এলাকায় একাধিক জমি দখল লুটপাট করেছেন জাফর। এবিষয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া বলেন, জাফর একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত। রাজ্যে আইনের সরকার চলছে। দোষ প্রমাণ হলে শাস্তি পেতে হবে সকলকে।



