জয়পুর: গ্রামবাসীদের মন জয়ে ভোটের ঠিক আগেই লাগানো হয়েছিল স্ট্রিট লাইট। আর বিজেপি হারতেই সেগুলি খুলে নেওয়া হল! রাজস্থানের টংক জেলার পিপলু পঞ্চায়েতে এমনই অভিযোগে কংগ্রেসের আক্রমণের মুখে পড়েছে বিজেপি। সোশ্যাাল মিডিয়া পোস্টে হাত শিবিরের তোপ, ‘বিজেপির অহংকার দেখুন। জনতা ভোট দেয়নি বলে তাদের অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে। একেই বলে বিনাশকালে বুদ্ধিনাশ।’
মাত্র এক মাসে আগে এই আলোগুলি লাগানো হয়। সদ্যসমাপ্ত ভোটে এই পঞ্চায়েতে কংগ্রেসের কাছে হেরেছে বিজেপি। পিপলু পঞ্চায়েত সমিতির ২ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা শর্মার হারের পরই ৫০টি মতো স্ট্রিট লাইট খোলা হয় বলে গ্রামবাসীদের অভিযোগ। পঞ্চায়েত সমিতির ওই ওয়ার্ডে বিজেপি প্রার্থী ছিলেন নিওয়াইয়ের বিধায়ক রামসহায় ভর্মার ব্যক্তিগত সচিব অলক শর্মার স্ত্রী প্রিয়াঙ্কা। ভোটের প্রচারের সময় গ্রামের রাস্তায় আলো লাগানোর কথা ঘোষণা করেন। ওয়ার্ডের সরপঞ্চ কাজোর প্রজাপতি বলেন, প্রিয়াঙ্কার ঘোষণার পরেই গত ২৪ অক্টোবর ২ নম্বরের ওয়ার্ডে ৫০টির মতো স্ট্রিট লাইট লাগানো হয়। শুক্রবার রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। ভোটে প্রিয়াঙ্কা ৭৫১ ভোটে হেরে যান। আর ভোটের ফল প্রকাশের পরই আলোগুলি খোলার কাজ শুরু হয়। ঘটনার একাধিক ভিডিয়ো সামনে এসেছে।
বিদ্যুত দপ্তরের দাবি, বেআইনিভাবে এই আলোগুলি লাগানো হয়েছিল। ব্যাপারটি নজরে আসার পরেই সেগুলি খোলার নির্দেশ দেওয়া হয়েছে। এই যুক্তি মানতে নারাজ স্থানীয়রা। তাঁদের প্রশ্ন, বেআইনি যদি হয় তাহলে আলো লাগানোর সময় কেন ব্যবস্থা নেওয়া হল না?কেনইs বা ভোটের ফল বেরনোর পরেই সেগুলি খুলে নেওয়া হল?



