নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনকে ঘিরে রাজনীতির পারদ ক্রমেই চড়ছে। সম্প্রতি সেখানে সাধু সন্ন্যাসীদের নিয়ে বিজেপি প্রার্থীকে ভোট প্রচার করতে দেখা যাওয়ায় বিতর্ক উস্কে উঠেছে। উপনির্বাচনে ভোটারদের মধ্যে ধর্মীয় মেরুকরণের তাস খেলতে চাইছে বিজেপি— এমনই অভিযোগ তুলেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। প্রচারের একেবারে শেষ পর্বে জোরদার প্রচারে নেমেছে গেরুয়া শিবির। কালীগঞ্জ বিধানসভার বেশকিছু জায়গায় দেখা গিয়েছে, সাধু সন্ন্যাসীদের বাড়ি বাড়ি প্রচারে নামানো হচ্ছে। তাঁরা সাধারণ মানুষকে ধর্মীয়ভাবে প্রভাবিত করছেন বলে অভিযোগ। যদিও তাঁরা প্রকৃত সাধু, নাকি সাধুবেশে রয়েছেন তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বাসিন্দারা। তৃণমূলের অভিযোগ, ধর্মীয় আবেগকে হাতিয়ার করে ভোট টানার চেষ্টা করছে বিজেপি। তাই গ্রামীণ অঞ্চলে দলের নেতাকর্মী ছাড়াও সাধু-সন্ন্যাসীদের দেখা যাচ্ছে প্রচার করতে। যা নিয়ে কালীগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস রিটার্নিং অফিসারের কাছে লিখিতভাবে জানিয়েছে। এই ঘটনায় রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে।
সম্প্রতি কালীগঞ্জ বিধানসভার গোবরা পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি সাধু-সন্ন্যাসীদের বেশে একাধিকজনকে ঘুরতে দেখা গিয়েছে। তাঁরা বাড়ি বাড়ি যাচ্ছেন। ভোটারদের সঙ্গে কথাও বলছেন। যদিও সাধু সন্ন্যাসীদের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ানোর মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই। তবে তৃণমূলের অভিযোগ, তাঁরা বাড়ি বাড়ি গিয়ে বিজেপিকে ভোট দেওয়ার কথা বলছেন। রাজনৈতিক মহলের দাবি, কালীগঞ্জ বিধানসভার গোবরা পঞ্চায়েতটিতে হিন্দু ভোটারের সংখ্যা বেশি। তাই সেখানে রাজনৈতিক মেরুকরণের তাস খেলে হিন্দু ভোট একত্রিত করার চেষ্টা করছে বিজেপি। গোবরা ছাড়াও মাটিয়ারি, ফরিদপুর এলাকাতেও হিন্দু ভোটার বেশি রয়েছে। গত লোকসভা নির্বাচনেও এই পঞ্চায়েত এলাকায় বিজেপি লিড পেয়েছিল। উপনির্বাচনেও সেই ভোট ধরে রাখতে তৎপর হয়েছে বিজেপি। তৃণমূলের অভিযোগ, বিগত বেশ কিছুদিন ধরে কালীগঞ্জ বিধানসভার গোবরা, দেবগ্রাম, ফরিদপুর, জুড়ানপুর পঞ্চায়েত এলাকায় বিজেপি প্রার্থী আশিস ঘোষের সঙ্গে গেরুয়া বসন পরে সাধু সন্ন্যাসীদের দেখা যাচ্ছে। তাঁদের আরও অভিযোগ, এর মাধ্যমে বিজেপি ভোটারদের মধ্যে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করতে চাইছে। কালীগঞ্জ ব্লক তৃণমূলের সভাপতি দেবব্রত মুখোপাধ্যায় বলেন, বিজেপি একটা সাম্প্রদায়িক দল। ভোট এলেই তারা নানাভাবে মানুষের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করে। ওরা উপনির্বাচনে ধর্মীয় মেরুকরণ করতে চাইছে। আমরা তা রুখে দিতে বদ্ধপরিকর। কৃষ্ণনগর সাংগঠনিক জেলার বিজেপির মুখপাত্র সন্দীপ মজুমদার বলেন, এর মধ্যে ভুল কিছু নেই। সাধু-সন্ন্যাসীরা দেশের স্বার্থে মানুষের স্বার্থে, আমাদের হয়ে প্রচার করছেন। এটা অত্যন্ত ভালো বিষয়। আমরা তো অন্য দেশ থেকে মানুষদের প্রচারে আনিনি।