Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গেরুয়া পাড়, লাল শাড়িতে মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা

বলিউড, টলিউডের নামী অভিনেতা-অভিনেত্রীদের ফ্যাশনের গুরুদায়িত্ব সামলেছেন দক্ষ হাতে। তাঁর ডিজাইন করা পোশাক নাকি ‘বার্তা’ দেয়।

গেরুয়া পাড়, লাল শাড়িতে মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা
  • ২ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বলিউড, টলিউডের নামী অভিনেতা-অভিনেত্রীদের ফ্যাশনের গুরুদায়িত্ব সামলেছেন দক্ষ হাতে। তাঁর ডিজাইন করা পোশাক নাকি ‘বার্তা’ দেয়। এহেন ফ্যাশন ডিজাইনারই এখন বঙ্গ বিজেপির মহিলা মুখ, অগ্নিমিত্রা পল। আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা বুধবার লাল-গেরুয়া শাড়ি পরে মনোনয়নের শোভাযাত্রায় অংশ নিলেন। গেরুয়া পাড়ের লালরঙের শাড়ি পরেই তিনি হাঁটলেন। তৃণমূল কংগ্রেস আসানসোল দক্ষিণের ঘরের ছেলে তাপস বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করে বিজেপির হেভিওয়েট নেত্রীকে চাপে ফেলেছে। বর্ষীয়ান এই তৃণমূল নেতার সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে বহু বাম, বিজেপির সমর্থকদের পরিবারেরও। তাই কী বামেদের বার্তা দিতে লাল শাড়ি পরলেন রাজ্য বিজেপির সহ সভাপতি অগ্নিমিত্রা? উঠছে প্রশ্ন। যদিও এতে লাভ হবে না বলে দাবি বামেদের। 

Advertisement

অগ্নিমিত্রা বলেন, লাল রং আমার ভীষণ প্রিয়। লাল শাড়ি, লাল আবির ভালো লাগে। তবে সব লালকে পছন্দ করি না। যাদের অস্তিত্বই মুছে গিয়েছে। যারা এখন ডাইনোসরের পর্যায়ে চলে গিয়েছে তাদের সমর্থন চাইতে যাব কেন? 
এদিন আসানসোলের বিজেপি প্রার্থীরা শোভাযাত্রা করে মনোনয়নপত্র জমা করতে যান। সবচেয়ে ‘রঙিন’ শোভাযাত্রা ছিল অগ্নিমিত্রারই। আসানসোল দক্ষিণ বিধানসভার চিত্রা মোড় থেকে শোভাযাত্রা কোর্টমোড়, ভগৎ সিং মোড় হয়ে বিএনআর মোড়ে আসে। মহিলা ঢাকি, বাজনা, গেরুয়া পতাকা, গেরুয়া বেলুনে মোড়া শোভাযাত্রার কেন্দ্রবিন্দুতে ছিলেন অগ্নিমিত্রা। বাড়ির মন্দিরে পুজো করে শোভাযাত্রায় অংশ নেন তিনি। কর্মী-সমর্থকদের সঙ্গে কোমর দুলিয়ে বিজেপির পতাকা হাতে নাচেন প্রার্থী। তাঁর লাল-গেরুয়া শাড়ি কি কোনও বার্তা দিতে, তা নিয়েই প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। 
এদিন বার্নপুরের পুরানহাট শহরে প্রচার করছিলেন আসানসোল দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়। দু’বারের প্রাক্তন বিধায়ক, একবারের আসানসোলের মেয়রকে দেখে ভোটাররা‌ই এগিয়ে আসেন। হাত মেলান। সেখানেই হার্ডওয়ারের দোকান হ্যাপি সিংয়ের। তিনি বলেন, এবার তৃণমূল কংগ্রেসের এক চালে বিজেপি চ্যালেঞ্জের মুখে পড়েছে। তাপসবাবুর সঙ্গে সিপিএম, বিজেপি, তৃণমূল সবার সঙ্গে ভালো সম্পর্ক। প্রায় প্রতিটি বাড়ির লোকের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। ওঁকে হারানোর শক্ত। 
এলাকার কারখানাগুলিতে ভালো প্রভাব রয়েছে সিটুর। ২০১৬সালের বিধানসভা নির্বাচনেও ৫৭হাজারের বেশি ভোট পেয়েছিল সিপিএম। তৃতীয় স্থানে ছিল বিজেপি। 
২০২১সালে সেই সিপিএমই মাত্র ১৫ হাজার ৭২০ ভোট পায়। বামের ভোট রামে টেনে চার হাজারের কিছু বেশি ভোটে জয়লাভ করেন অগ্নিমিত্রা। রামে যাওয়া বামের ভোট ফেরাতে মাটি আঁকড়ে লড়াই করছে সিপিএম। তাই আরও বেশি করে লালকে আঁকড়ে ধরার চেষ্টা করছেন অগ্নিমিত্রা।
আসানসোল দক্ষিণের সিপিএম প্রার্থী মহিলা সমিতির জেলা সম্পাদিকা শিল্পী চক্রবর্তী বলেন, রাবণ যেভাবে সাধু সেজে সীতা হরণ করেছিল তেমনই লাল শাড়ির ভেক ধরে বামপন্থী মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। মানুষ এবার ভুল করবে না। পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি বলেন, আমরা তো প্রথম থেকেই ব঩লে আসছি পশ্চিমবঙ্গে বামেদের শক্তিতেই রামেদের বাড়বাড়ন্ত। এদিন তা প্রকাশ্যে চলে এসেছে। আমাদের প্রার্থী জনপ্রিয়তায় বিরোধীরা আতঙ্কিত।

Advertisement
সম্পর্কিত সংবাদ