সংবাদদাতা, বনগাঁ: একদিকে একের পর এক বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের হেনস্তা। সেই সঙ্গে বিহারের পর বাংলায় ‘এসআইআর’-এর ভ্রূকুটি। রাজ্যে বিধানসভা ভোটের কয়েকমাস আগে এই দুই ইস্যুতে রাজনৈতিক পরিমণ্ডল ক্রমশ তেতে উঠছে। নাগরিকত্ব, ভোটার তালিকায় নাম থাকা বা না থাকার মতো বিষয়গুলি নিয়ে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। এই আবহে বাগদা এলাকায় বিজেপির একটি কর্মসূচি ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। বৃহস্পতিবার বাগদায় বিজেপির পক্ষ থেকে সিএএ-তে নাগরিকত্বের জন্য আবেদন নিতে শিবির করা হয়। বেশ কয়েকজন বাসিন্দা সেখানে আবেদনও করেন। বাগদা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা সৌরভ গোয়ালির তত্ত্বাবধানে শিবিরটি আয়োজিত হয়। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, বাগদার চুয়াটিয়া এলাকায় আয়োজিত এই শিবিরে প্রায় ৪০ জন এদিন নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। সৌরভবাবু জানিয়েছেন, আবেদনগুলি অনলাইনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠানো হবে। স্ক্রুটিনির পর সব নথি ঠিকঠাক থাকলে আগামী মাস দু’য়েকের মধ্যে মিলবে নাগরিকত্ব। যদিও কোনও রাজনৈতিক দল এভাবে শিবির করে সিএএ’র আবেদন নিতে পারে কি না, প্রশ্ন তুলেছে ওয়াকিবহাল মহল। ভোটের মুখে নাগরিকত্ব ইস্যুতে শান দিতে গিয়ে বিজেপি নোংরা রাজনীতি করছে বলে সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস।



