নিজস্ব প্রতিনিধি, বরানগর: পুলিশের নাকের ডগায় বিটি রোডের উপর রমরমিয়ে চলছিল মদ ও সাট্টার ঠেক। অভিযোগ, পুলিশ চোখ বন্ধ করে রাখলেও রবিবার পানিহাটির বিজেপি কর্মীরা সোদপুর থেকে আগরপাড়া পর্যন্ত অভিযান চালিয়ে পাঁচটি মদ ও সাট্টার ঠেক গুঁড়িয়ে দেন।
মাদকমুক্ত সমাজ গড়তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তাকে সামনে রেখে এদিন পথে নামেন পানিহাটির বিজেপি নেতা, কর্মীরা। বিটি রোডের রাজা রোড মোড়, মোল্লারহাট ও হসপিটাল রোড সংলগ্ন এলাকায় হানা দিয়ে তিনটি বেআইনি মদ ও দুটি জুয়া-সাট্টার ঠেক ভেঙে দেওয়া হয়। বাজেয়াপ্ত হওয়া প্রচুর মদ, গাঁজা ও সাট্টার কাগজপত্র বিটি রোডের উপরেই নষ্ট করে দেন বিজেপি কর্মীরা। বিজেপি নেতা জয় সাহা বলেন, সাধারণ মানুষের সঙ্গে বিজেপি কর্মীরা একত্রিত হয়ে বেআইনি ঠেক ভেঙে দিয়েছেন।



