ফক্স নিউজের রিপোর্টকে হাতিয়ার করে কংগ্রেসকে কড়া আক্রমণ বিজেপির
  • ২৩ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত ফ্রান্স। আবার মুখ্যনির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে তীব্র হচ্ছে ককরোচদের আন্দোলন। বৃহস্পতিবার এই দুই আন্দোলনের ‘সম্পর্ক’ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফক্স নিউজ। ওই প্রতিবেদনকে হাতিয়ার করেই কংগ্রেসকে তোপ দেগেছে বিজেপি। বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে ‘বিশ্বাসঘাতক’ ও ‘মিরজাফর’ বলে আক্রমণ শানিয়েছেন তাঁরা। 

Advertisement

ফক্স নিউজ ডিজিটালের এই প্রতিবেদনে বলা হয়েছে, ১৩টি দেশের ১০১টি সংস্থাকে চিহ্নিত করা হয়েছে। যারা সমন্বয় বাড়াতে, সংগঠিত করতে ও আন্দোলনের ঝাঁঝ বাড়াতে গোপনে কাজ করেছে। এই নেটওয়ার্কের সঙ্গেই ফ্রান্স ও ভারতের আন্দোলনের ঘনিষ্ঠ যোগ রয়েছে বলে দাবি করা হয়েছে। 
কংগ্রেসকে তোপ দেগে বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া বলেছেন, ‘বিরোধী দলনেতা রাহুল গান্ধী নৈরাজ্য ও বিশ্বাসঘাতকতার মডেল তৈরি করেছেন। একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে এই বিশ্বাসঘাতকতার সঙ্গে বিদেশি যোগের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে। ভারতের দুর্ভাগ্য বিরোধী দলনেতা অপরিণত ও দায়িত্বজ্ঞানহীন। আমি যদি সব তথ্যপ্রমাণ তুলে ধরি, তবে তাঁকে বিশ্বাসঘাতক বা মিরজাফর বলা অনুচিত হবে না।’  ভাটিয়া আরও বলেন, ‘ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্স সহ একাধিক দেশে সরকার বদলের জন্য ওই ‘রেড-গ্রিন ইকোসিস্টেম’ কাজ করছে। এখানে লাল বলতে বামপন্থীদের ও সবুজ বলতে মুসলিম সংগঠনগুলিকে বোঝানো হয়েছে।’ 
কংগ্রেসকে আক্রমণ শানিয়েছেন বিজেপির মুখপাত্র প্রদীপ ভাণ্ডারিও। তাঁর দাবি, বামপন্থী সংগঠন প্রোগ্রেসিভ ইন্টারন্যাশনাল (পিআই) ভারত, আলবেনিয়া ও ফ্রান্সের বিক্ষোভে সমম্বয় ঘটিয়েছে। সরকারের পতন ঘটানোর জন্যই এমনটা করা হয়েছিল বলে দাবি করেছেন তিনি। ভাণ্ডারির দাবি, ২০২৫ সালের ১০ এপ্রিল ‘১০ জনপথ রোডে’ প্রোগ্রেসিভ ইন্টারন্যাশনালের প্রতিনিধির সঙ্গে দেখা করেছিলেন রাহুল ও সোনিয়া গান্ধী। 
আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তিনি বলেন, ‘কংগ্রেস ও বিরোধী জোটের নেতৃত্বরা শুধু শাসক পরিবর্তন নয়, দেশকে ভেঙে টুকরো টুকরো করার ষড়যন্ত্র করছেন। আমি সংসদে সোরস ফাউন্ডেশন নিয়ে প্রশ্ন তুলেছিলাম। উনি (রাহুল গান্ধী) ইহান ওমর এবং রো খান্নার মতো মার্কিন রাজনীতিকদের সঙ্গে দেখা করেছেন।’ নিশিকান্ত আরও বলেন, ‘কংগ্রেসের কাছে প্রশ্ন,  অনলাইন জুয়া-কৃত্রিম বুদ্ধিমত্তা-ক্রিপ্টোকারেন্সির সঙ্গে যুক্ত এই চক্রগুলির সঙ্গে গত ৫ বছরে রাহুল গান্ধী কতবার দেখা করেছেন? দেশের বাইরে গেলে কাদের সঙ্গে তিনি দেখা করেন?