Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ক্ষোভ আঁচ করে ভাঙন কবলিত মানিকচকে প্রচারের কৌশল ঠিক করছে বিজেপি ও তৃণমূল

বিধানসভা নির্বাচনে বিজেপি ও তৃণমূলকে দুশ্চিন্তায় ফেলতে পারে ভাঙন কবলিত এলাকার ভোটাররা। ভাঙন এবং বিগত দুই বছরের বন্যা পরিস্থিতির কারণে বারবার কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে দায়ী করেছেন দুর্গতরা।

ক্ষোভ আঁচ করে ভাঙন কবলিত মানিকচকে প্রচারের কৌশল ঠিক করছে বিজেপি ও তৃণমূল
  • ২১ মার্চ, ২০২৬ ১৫:০৩
Prefer us on Google

সাগর রজক, মানিকচক: বিধানসভা নির্বাচনে বিজেপি ও তৃণমূলকে দুশ্চিন্তায় ফেলতে পারে ভাঙন কবলিত এলাকার ভোটাররা। ভাঙন এবং বিগত দুই বছরের বন্যা পরিস্থিতির কারণে বারবার কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে দায়ী করেছেন দুর্গতরা। এই অবস্থায় মানিকচক বিধানসভা এলাকায় প্রচারের কৌশল তৈরি করতে ব্যস্ত দুই রাজনৈতিক দল। অন্যদিকে, ভাঙন ও বন্যা পরিস্থিতিতে প্রতিনিয়ত দুর্গতদের পাশে দাঁড়ানোয় কিছুটা হলেও সুবিধা হতে পারে বাম প্রার্থীর। শেষমেশ দুর্গতরা কাদের পাশে দাঁড়ায় সেটাই দেখার।

Advertisement

মানিকচক বিধানসভা এলাকা গঙ্গা নদী তীরবর্তী এলাকা হওয়ায় বরাবরই ভাঙন প্রবণ। ভূতনি এবং গোপালপুরে নদী ভাঙন বরাবরই সমস্যা। গত কয়েক বছরে ভাঙনের তীব্রতা কয়েক গুণ বেড়েছে। যার জেরে বারবার বাসস্থান ছেড়ে পালাতে হয়েছে দুর্গতদের। এই সমস্ত এলাকায় ভাঙন রোধে স্থায়ী কাজের দাবি জানালেও তা হয়নি। প্রতি বছরই বিস্তীর্ণ এলাকা গঙ্গা গর্ভে চলে যায়। তার উপর গত দুই বছরের বন্যা পরিস্থিতির কারণে নাজেহাল অবস্থা দুই এলাকার। গোপালপুরের অনেক পরিবার ভাঙন ও বন্যা পরিস্থিতির জেরে বর্তমানে কেউ বাগানের মধ্যে আবার কেউ ভূতনির বাঁধে বসবাস করছে। এই অবস্থায় ঘোষণা হয়েছে বিধানসভা নির্বাচন। এই সমস্ত এলাকায় নির্বাচনী প্রচারে গেলে দুর্গতদের বিক্ষোভ বা প্রশ্নের মুখে পড়তে হতে পারে তৃণমূল ও বিজেপি প্রার্থীকে। তাই এই সমস্ত এলাকায় প্রচার নিয়ে কৌশল ঠিক করতে বৈঠক করেছে বিজেপি ও তৃণমূল নেতৃত্বরা। 
তৃণমূল প্রার্থী কবিতা মণ্ডল ব্লক তৃণমূল নেতৃত্বকে নিয়ে ইতিমধ্যে তৃণমূলের দলীয় কার্যালয়ে বৈঠক করেছেন। সেখানে বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানিকচক ব্লক তৃণমূল সভাপতি মাহফুজুর রহমান বলেন, কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কারণে মালদহ জেলাজুড়ে ভাঙন ও বন্যা পরিস্থিতি। রাজ্য সরকার নিজেদের সাধ্যমতো প্রচেষ্টা ও কাজ চালিয়ে যাচ্ছে। এই বিষয়টি দুর্গতদের সামনে তুলে প্রচার চালানো হবে। 
অন্যদিকে, বিজেপি প্রার্থী গৌড় চন্দ্র মণ্ডল ইতিমধ্যে দুর্গতদের নিয়ে একটি বৈঠক করেছেন এবং তাঁদের আশ্বস্ত করেছেন। তিনি বলেন, রাজ্য সরকারের কারণেই দুর্গতদের এই অবস্থা। তারা কাজের সমস্ত টাকা আত্মসাৎ করেছে। দুর্গতদের শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। তবে এবার পরিবর্তন আসন্ন। এবার আমাদের সরকার হবে। তারপরই ভাঙনের স্থায়ী সমাধান করব।
যদিও এদিক দিয়ে অনেকটা এগিয়ে বামফন্ট। দুর্গতদের পাশে সবসময় দেখা গিয়েছে এবং তারা আন্দোলনও করেছে। এমনকী কিছুদিন আগে ভাঙন এলাকায় প্রচার করেছেন বাম প্রার্থী দেবজ্যোতি সিনহা। তিনি বলেন, দুর্গতদের পাশে সর্বদা রয়েছে বামফন্ট। দুর্গতরাও আমাদের পাশে রয়েছেন। তাঁরা তৃণমূল ও বিজেপিকে এলাকায় প্রবেশ করতে দেবেন না। আমরা তাঁদের অধিকার ও ন্যায্য পাওনা পাইয়ে দেব।

Advertisement
সম্পর্কিত সংবাদ