নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: আগামী বছর বিধানসভা নির্বাচন। তৃণমূল-বিজেপি দু’পক্ষই ময়দানে নেমেছে। আগামী ৬এপ্রিল রামনবমীতে দুই দলের মিছিল ঘিরে বীরভূম জেলায় উত্তেজনার পারদ চড়ছে। যুযুধান দু’পক্ষই ময়দানে নামতে চলেছে। তারা জোর প্রস্তুতিও শুরু করে দিয়েছে। দুই দলই জেলাজুড়ে শোভাযাত্রা করবে। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে পথ হাঁটবেন তৃণমূল নেতারা। জেলাজুড়ে বিজেপির তরফে শতাধিক ছোট-বড় শোভাযাত্রা হবে বলে জানানো হয়েছে। শোভাযাত্রাকে কেন্দ্র করে জেলায় অপ্রীতিকর ঘটনা রুখতে পুলিস মহলও ইতিমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে। ওইদিন জেলাজুড়ে পুলিসের তরফে বাড়তি নজরদারি থাকবে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলাজুড়ে বাড়তি পুলিসকর্মী মোতায়েন করা হবে।
রাজনৈতিক মহলের মতে, আগামী বিধানসভা নির্বাচনের আগে এবছর রামনবমী রাজনৈতিক দলগুলির কাছে শক্তি প্রদর্শনের বড় মঞ্চ। তবে তৃণমূল কংগ্রেস অবশ্য রাজনীতি ভুলে উৎসবের আমেজে মেতে উঠতে সচেষ্ট। শাসকদলের তরফে জেলার ১৯টি ব্লকে পৃথকভাবে শোভাযাত্রা আয়োজন করা হবে। সিউড়ি শহরে বড় শোভাযাত্রা হবে। কয়েক হাজার মানুষের সমাগমে বর্ণাঢ্য শোভাযাত্রায় মনীষীদের বাণী তুলে ধরে হবে। মূলত জেলাজুড়ে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই শাসক নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়েছেন। সিউড়ির পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তে আয়োজিত পদযাত্রাতেও প্ল্যাকার্ডের মাধ্যমে মনীষীদের শান্তির বার্তা তুলে ধরা হবে। তার আগে জেলার বিভিন্ন প্রান্তে পূজার্চনা চলবে।
বিজেপিও রামনবমীর উৎসবে শামিল হতে চলেছে। গেরুয়া শিবিরের তরফে জানা গিয়েছে, ওইদিন জেলাজুড়ে বিভিন্ন রাম ও হনুমান মন্দিরে পুজো হবে। পরবর্তীতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শোভাযাত্রা হবে। লোক সমাগম বাড়াতে সবরকম চেষ্টা করছে গেরুয়া শিবির। দলীয় নেতৃত্বের দাবি, জেলাজুড়ে শতাধিক শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। জেলার নেতৃত্বও একাধিক শোভাযাত্রায় অংশ নেবে।
রামনবমীর শোভাযাত্রাকে সামনে রেখে শক্তি প্রর্দশনের সুযোগ থাকলেও শাসকদল আমজনতাকে উৎসবে শামিল হওয়ার বার্তা দিয়েছে। জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, ধর্ম যার যার উৎসব সবার। আমরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে জেলাজুড়ে রামনবমীর উৎসবে শামিল হতে চলেছি। আর উৎসবকে কেন্দ্র করে কোনও রাজনীতি হোক তা আমরা চাই না। জেলাজুড়ে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়াটাই আমাদের মূল লক্ষ্য। মনীষীদের বাণী নিয়ে আমরা শোভাযাত্রায় শামিল হব।
জেলা বিজেপির সহ সভাপতি দীপক দাস বলেন, শত বাধা সত্ত্বেও আমরা সনাতনী সংস্কৃতিকে টিকিয়ে রেখেছি। সেই সংস্কৃতি মেনেই আমরা পথে নামব। রামনবমীতে জেলার বিভিন্ন জায়গায় আমাদের শোভাযাত্রা হবে।