সংবাদদাতা, বালুরঘাট: নির্বাচন কমিশনের কড়া নির্দেশের পরও হুঁশ ফিরছে না বিএলওদের। বালুরঘাটের খরাইলের ৮৯ নম্বর বুথে সেই ছবিই দেখা গেল সোমবার। সেখানে মন্দিরের বারান্দায় বসে এক মহিলা বিএলওকে ফর্ম বিলি করতে দেখা গেল। ফর্ম বিলিতে আবার বিএলও-কে সাহায্য করেন তাঁর মেয়ে। তিনি নিজেই ভোটারদের ফর্ম ফিলআপ করে দেন। এক জায়গায় বসে বিএলও’র ফর্ম বিলির বিষয়টি কানে যায় প্রশাসনের। প্রশাসনিক হস্তক্ষেপে ওই মহিলা বিএলও মন্দির থেকে উঠে যান। বাড়ি বাড়ি না গিয়ে এক জায়গায় বসে ফর্ম বিলিতে আপত্তি জানিয়েছে বিজেপি। বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, ওই বিএলও বাড়ি বাড়ি না গিয়ে একজায়গায় বসে ফর্ম বিলি করছেন। এর আগেও একই কাজ করেছেন। আজ আমরা প্রমাণ সহ প্রশাসনকে পাঠিয়েছি। এরপরেও প্রশাসন ব্যবস্থা না নিলে কমিশনে জানাব। যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছেন বিএলও ইলা সিং। পেশায় অঙ্গনওয়াড়ি ইলার সাফাই, ওই পাড়ায় অনেকের পদবি একই। ফর্মগুলি আলাদা করে নেওয়ার জন্য মন্দিরে একটু বসেছিলাম। আমি সেখান থেকে ফর্ম বিলি করিনি। নিজের কাজে মেয়েকে নিয়ে আসা প্রসঙ্গে বিএলও বলেন, আমার বয়স হয়েছে। তাই মেয়ে আমাকে একটু সাহায্য করেছিল। বালুরঘাট ব্লকের ইআরও শোভন চৌধুরী বলেন, ওই বিএলও’র সঙ্গে কথা বলেছি। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। বিএলও’র পাশে দাঁড়িয়েছে রাজ্যের শাসকদল। তৃণমূল ব্লক সভাপতি মলয় মণ্ডল বলেন, বিজেপির কাজই মিথ্যা অভিযোগ করা। ওই বিএলও’র সম্পর্কে খোঁজ নিয়েছি। তিনি বাড়ি বাড়ি ফর্ম বিলি করছেন। মন্দিরের বারান্দায় মহিলা বিএলও’র ফর্ম বিলি।-নিজস্ব চিত্র



