নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বৃহস্পতিবার সকালে বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যু হল। পুলিস জানিয়েছে, মৃতের নাম শুভম মিশ্র(২৯)। তাঁর বাড়ি পুরুলিয়ায়। এদিন সকালে বড়জোড়ার কাছে একটি জলের ট্যাঙ্কার শুভমকে ধাক্কা মারে। জল নিয়ে ওই ট্যাঙ্কারটি স্থানীয় একটি কারখানায় ঢুকছিল। সেইসময় বাঁকুড়া থেকে দুর্গাপুরগামী ওই বাইকটিকে ধাক্কা মারে। দুর্ঘটনার পর বাইক আরোহী ওই যুবককে উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়। চালক সহ ঘাতক ট্যাঙ্কারটি আটক করে পুলিস। পরে চালককে গ্রেপ্তার করা হয়।
Advertisement
বুধবার রাতে বড়জোড়ার হাটআশুরিয়া মোড়ে ট্রাফিক সামলানোর দায়িত্বে থাকা পুলিসকর্মীদের হেনস্তার অভিযোগে দুই মদ্যপকে গ্রেপ্তার করা হয়। নিয়ম না মেনে কয়েকজন বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়ক পারাপার করছিল। ওইসময়ে পুলিস তাদের সতর্ক হওয়ার জন্য বলে। তা না শুনে উল্টে মদ্যপরা পুলিসের উপরেই চড়াও হয়। বাকিরা পালিয়ে গেলেও দু’জনকে পুলিস গ্রেপ্তার করে।



